খাসির কথা বলে কুকুরের মাংস বিক্রি, চারজন কারাগারে

খুলনায় কুকুর জবাই করে মাংস বিক্রির অভিযোগে গ্রেপ্তার চারজনকে কারাগারে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে পুলিশ তাদের খুলনা মহানগর দায়রা জজ আদালত-১ এ হাজির করে। শুনানি শেষে বিচারক মো. শরীফ হোসেন হায়দার তাদের কারাগারে পাঠানো হয়। 

আসামিরা হলেন ইমতিয়াজ হোসেন তাজ (১৫), প্রেম সরকার (১৫), মো. সিয়াম (১৭) ও বিরিয়ানি বিক্রেতা আবু সাঈদ (৩৭)।

নগরীর খালিশপুর থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, জবাই করে কুকুরের মাংস বিক্রির ঘটনায় বৃহস্পতিবার তেরখাদা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রিয়ঙ্কর কুণ্ডু খুলনা মহানগর দায়রা জজ আদালত-১ এ প্রাণিকল্যাণ আইন ২০১৯/ ৭ ধারা এবং নিরাপদ খাদ্য আইন ২০১১/৩৪ ধারায় মামলা দায়ের করেন। আদালত মামলাটি গ্রহণ করে শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
 
উল্লেখ্য, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার বিকাল ৪টার দিকে নগরীর খালিশপুর থানা পুলিশ খুলনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একটি পরিত্যক্ত ভবনে অভিযান চালিয়ে একটি জবাই করা কুকুরসহ উক্ত চারজনকে হাতেনাতে আটক করে। তারা দীর্ঘদিন ধরে গোপনে ঐ জায়গায় কুকুর জবাই করে ৪০০ টাকা কেজি দরে খাসির মাংস বলে ফেরি করে বিক্রি করে আসছিল। ইতিপূর্বে তারা আরো পাঁচটি কুকুর জবাই করে খাসির মাংস বলে মানুষের কাছে বিক্রি করেছে বলে পুলিশের কাছে স্বীকারাক্তি দিয়েছে। এ ছাড়া কুকুরের মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে প্রতি প্যাকেট ৩০-৪০ টাকায় বিক্রি করা হয়েছে।