শচীন টেন্ডুলকারকে সম্মান জানাতে তার ১০ নম্বর জার্সি তুলে রেখেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। শচীনের পর এবার ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির ৭ নম্বর জার্সিও তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। এখন থেকে ভারতীয় কোনো ক্রিকেটার ৭ নম্বর জার্সি গায়ে জড়াতে পারবেন না।
এ প্রসঙ্গে বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেছেন, 'তরুণ ক্রিকেটার এবং এখন দলে থাকা ক্রিকেটারদের বলে দেওয়া হয়েছে যে, ধোনির ৭ নম্বর জার্সি পরতে পারবেন না তারা। নতুন ক্রিকেটারেরা এখন থেকে ১০ এবং ৭ নম্বর বাদ দিয়ে অন্য নম্বরের জার্সি পরবেন।'
তিনি আরও বলেছেন, 'বর্তমান ক্রিকেটারদের মধ্যে ৬০টি জার্সি নম্বর দেওয়া হয়েছে। তাই এমন পরিস্থিতিতে কোনো খেলোয়াড় যদি এক বছরও ক্রিকেট থেকে দূরে থাকেন, তাহলে আমরা তার জার্সি নম্বর কাউকে দিই না। এমন অবস্থায়, যে খেলোয়াড় অভিষেক করবেন তার জার্সি নম্বর ৩০ এর কাছাকাছি বেছে নেওয়ার অধিকার থাকবে।'
ভারতের অন্যতম সফল অধিনায়ক ধোনি। তার নেতৃত্বে ২০০৭ সালে অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ভারত। এরপর ধোনির নেতৃত্বেই ২০১১ বিশ্বকাপ ও ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল দেশটি। শুধু তাই নয় অধিনায়ক হিসেবে আইসিসির তিনটি ট্রফি জেতার নজির রয়েছে কেবল তারই।