সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, দি নিউ নেশনের প্রকাশক জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার মইনুল হোসেনের কুলখানি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ আসর বারিধারা জামে মসজিদে মইনুল হোসেনের স্মরণে কুলখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল। মরহুমের পরিবারের আয়োজনে এ কুলখানিতে নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
কুলখানিতে আত্মীয়স্বজন, বিচার বিভাগের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ, ইত্তেফাক ও নিউ নেশনের সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীসহ বিভিন্ন বিভাগের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া বারিধারা ও আশপাশের এলাকার স্থানীয় বাসিন্দা ও তার দীর্ঘদিনের বন্ধু ও প্রতিবেশীরা দোয়া মাহফিলে অংশ নিয়ে মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। দোয়া মাহফিল পরিচালনা করেন মসজিদের মাওলানা মাসুদ।
দোয়া মাহফিলে মরহুমের ছোট ভাই আনোয়ার হোসেন মঞ্জু, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ইনাম আহমেদ চৌধুরী, সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মরহুমের বড় ছেলে জাভেদ হোসেন ও ছোট ছেলে আরশাদ হোসেন, ভাগনে ও ইত্তেফাকের কার্যনির্বাহী পরিচালক মুহিবুল আহসান শাওন, পরিচালক রেজাউল আহসান ফাগুন প্রমুখ উপস্থিত থেকে মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।
উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান ব্যারিস্টার মইনুল হোসেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর। পরদিন গত রবিবার তিন দফা নামাজে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে মা-বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়।