চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মাহবুব রহমান রুহেলকে নিয়ে আয়োজন করা একটি সভা বন্ধ করে দিয়েছে প্রশাসন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে এ সভায় উপস্থিত ছিলেন তিনি।
শনিবার (১৬ ডিসেম্বর) মিরসরাই উপজেলার আরশিনগর ফিউচার পার্কে ‘স্বেচ্ছাসেবী ভাবনায় মিরসরাইয়ের সম্ভাবনা, সমস্যা সমাধান ও উন্নয়ন’ শীর্ষক এ সভার আয়োজন করা হয়।
জানা গেছে, উপজেলার আরশিনগর ফিউচার পার্কে ১৩০টি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি-সম্পাদকদের নিয়ে এই মতবিনিময় সভার আয়োজন করেন নৌকা প্রার্থী মাহবুব রহমান রুহেল। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) নেতৃত্বে সেখানে অভিযান চালিয়ে তা বন্ধ করে দেওয়া হয়।
অভিযোগের বিষয়ে জানতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নৌকা প্রার্থী মাহাবুব রহমান রুহেলের সমর্থনকারী জাহাঙ্গীর কবির চৌধুরীর মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।
মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজা জেরিন বলেন, ‘যেহেতু তিনি (রুহেল) একজন এমপি প্রার্থী, আর নির্বাচন কমিশন এখনও প্রচার-প্রচারণার অনুমোদন দেয়নি, তাই এ সভা বন্ধ করে দেওয়া হয়েছে।’
এর আগে গত বৃহস্পতিবার চট্টগ্রাম-১ আসনে স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিনের কর্মী-সমর্থককে মারধর, হুমকি-ধামকি, সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক বক্তব্য প্রচারের অভিযোগে নৌকার প্রার্থী মাহবুব রহমান রুহেলকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।