ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ (ডিআরএমসি) সমাজসেবা ক্লাবের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে ‘ডিআরএমসি ইন্টারন্যাশনাল সোশ্যাল সেরেনিটি এনহ্যান্সমেন্ট এইড-২০২৩’। দুইদিন ব্যাপী অনুষ্ঠানটি ছিল প্রাণবন্তর ও উৎসবমুখর। শিক্ষার্থীসহ দর্শনার্থীদের সংখ্যা প্রায় ১০,০০০ ছাড়িয়ে যায়।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) ও বুধবার (১৩ ডিসেম্বর) ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) ড. আবু সালেহ্ মোস্তফা কামাল।
উদ্বোধনী বক্তব্যে ড. আবু সালেহ্ বলেন, আমার ছাত্রজীবনে রেসিডেনসিয়ালে পড়ার সৌভাগ্য হয়নি কিন্তু আমাকে সবসময় রেসিডেনসিয়ালের ড্রেস আকৃষ্ট করত। রেসিডেনসিয়ালে আসার সেই ছাত্রজীবনের ইচ্ছা আজ পূরণ হলো। এবং আমি বিশেষভাবে বর্তমান অধ্যক্ষ স্যারকে ধন্যবাদ জানাতে চাই কারণ উনার উদ্যোগে প্রতিষ্ঠিত হয় সমাজসেবামূলক এই ক্লাব।
উব্দোধন শেষে ডিআরএমসি সমাজসেবা ক্লাব আয়োজিত ২০টি অংশগ্রহণমূলক পরীক্ষায় অংশ নেওয়া শুরু করে শিক্ষার্থীরা। এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সমাজসেবা কুইজ, প্রকৃতির জন্য অলিম্পিয়াড, গুপ্তধন শিকারসহ নান্দনীয় সব অনুষ্ঠান। ঢাকা এবং ঢাকার বাইরের প্রায় ১০০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে আনুমানিক ৫০০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে।
এছাড়াও শিক্ষার্থীদের বানানো বিভিন্ন প্রজেক্ট প্রদর্শনী (গাছ প্রদর্শনী, নৈপুণ্য প্রদর্শনী, স্ক্র্যাপ-বুক প্রদর্শনী ও দেয়াল পত্রিকা প্রদর্শনী) করা হয়। এ সকল প্রদর্শনী প্লাস্টিক ও পুনর্ব্যবহৃত সরঞ্জাম দিয়ে তৈরি করেন শিক্ষার্থীরা যা তাদের মধ্যে পুনর্ব্যবহার, রূপান্তর ও পুনর্গঠন করতে উৎসাহিত করবে।
সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যক্ষ কাজী শামীম ফরহাদ, কলেজের উপাধ্যক্ষবৃন্দ, কলেজের ক্লাবসমূহের প্রধান সমন্বয়ক সহযোগী অধ্যাপক মোহাম্মদ নূরুন্নবী, ডিআরএমসি সমাজসেবা ক্লাবের মডারেটর ও অনুষ্ঠানের আহ্বায়ক প্রভাষক মো. খায়রুজ্জামান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র, শিক্ষক ও অভিভাবকমণ্ডলী।
মেয়র আতিকুর রহমান বলেন, সমাজের উন্নতির জন্য শিশুদের কে ইনভোল্ব করতে হবে, ছাত্রদের কে ইনভোল্ব করতে হবে এবং তরুণদের কে ইনভোল্ব করতে হবে। এজন্য রেসিডেনসিয়াল সমাজ সেবা ক্লাব অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আমরা সবসময় ছাত্রদের এরকম সমাজসেবা মূলক প্রচেষ্টা কে স্বাগত জানাই।
বক্তব্য শেষে তিনি কলেজ প্রাঙ্গণে একটি গাছ রোপণ করেন। এছাড়াও কলেজের উন্নয়ন ও স্বেচ্ছাসেবকদের জন্য পাঁচ লাখ টাকার অনুদান দেন ও সকল সহযোগিতার জন্য পাশে থাকার প্রতিশ্রুতি দেন। শিক্ষার্থীদের মাঝে সমাজসেবামূলক বহুমুখী কর্মকাণ্ড পরিচালনা করে সৎচিন্তা, সৎকর্ম ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে সামজসেবা ক্লাবের এই আয়োজন। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মেয়র এবং অধ্যক্ষ।
অনুষ্ঠানটির পর্যবেক্ষণ করেন সমাজসেবা ক্লাবের প্রেসিডেন্ট কায়েফ ইশরাক, সাধারণ সম্পাদক রাদ খান, ভাইস প্রেসিডেন্ট সামিন তিসান সহ কার্যকারী কমিটির অন্যান্য সদস্যরা। দিকনির্শেনা দিয়ে সার্বিক সহযোগিতা করেন ক্লাবের মডারেটর মো. খাইরুজ্জামান, সহকারী মডারেটর জাহাঙ্গীর আলম এবং সকল ক্লাবের প্রধান সমন্বয়ক মো. নুরুন্নবি।
অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় ছিল ইউএস-বাংলা এয়ারলাইন্স, সোশাল ইসলামী ব্যাংক লিমিটেড পিএলসি ও লিড অ্যাকাডেমি।