শরিক-মিত্রদের ছেড়ে দেওয়া আসনে নৌকার প্রার্থী প্রত্যাহার করা হবে: ওবায়দুল কাদের

জাতীয় পার্টিকে নির্দিষ্ট সংখ্যক আসনছেড়ে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এসব আসনে নৌকার প্রার্থী প্রত্যাহার করা হবে। আজ রোববার বিকেল ৪টার মধ্যে নৌকার প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করে নেবেন। তবে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনের মাঠে থাকবেন।’

রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, জাতীয় পার্টির সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে আমাদের সমঝোতা হয়েছে। তাদেরকে নির্দিষ্ট সংখ্যক আসন দেওয়ার কথা বলেছি। তবে তাদের চাওয়া অনেক বেশি থাকতে পারে। কিন্তু আমাদেরও দেয়ার সামর্থ্য থাকতে হবে।

জাতীয় পার্টির সঙ্গে আসন সমঝোতা নিয়ে কথা বলেন ওবায়দুল কাদের। ছবি: ফোকাস বাংলা

সম্প্রতি নির্বাচন নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানের সমালোচনার তিনি বলেন, ‘বিএনপিসহ কয়েকটি দল নির্বাচনকে ভাগাভাগি বলছে। যে নির্বাচনে ২৮টি রাজনৈতিক দল এবং প্রায় ২২০০ প্রার্থী আছে, সেই নির্বাচন কীভাবে ভাগাভাগির নির্বাচন হয়?’

তিনি আরও বলেন, ‘আপনি একটা দেশ দেখান পৃথিবীর, যে দেশে সরকার পদত্যাগ করে নির্বাচন হয়। ক্ষমতায় ক্ষমতাসীন সরকার থাকবে না! এটা তো কোথাও নেই। আপনি কোথা থেকে এটা আবিষ্কার করলেন?’

এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক ও মির্জা আজম উপস্থিত ছিলেন।