নাটোরের বড়াইগ্রামের মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রউফকে কার্যালয়ে ঢুকে মারধরের ঘটনায় সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারীর ভাগনেসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্র ও শনিবার গভীররাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, শিক্ষা কর্মকর্তাকে মারধরের ঘটনায় বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাতেই সংসদ সদস্যের ভাগনে জামাল উদ্দিন, সৈনিক লীগের সভাপতি রুবেল বালিসহ অজ্ঞাতনামা আরও ৩৫ জনকে অভিযুক্ত করে বড়াইগ্রাম থানায় মামলা দায়ের করেন শিক্ষা কর্মকর্তা আব্দুর রউফ। ওই মামলায় সবশেষ শনিবার বড়াইগ্রামের মানিকপুর এলাকা থেকে মামলার প্রধান আসামি সংসদ সদস্যের ভাগনে জামাল উদ্দিন (৩০) ও রুবেল বালীকে (৩৫) গ্রেপ্তার করা হয়। এর আগে শুক্রবার রাতে মামলার আসামি ওসমান গণি (৩১), আবু বক্কর (২৯) ও জুয়েল রানাকে (২৬) গ্রেপ্তার করা হয়। রোববার দুপুরে গ্রেপ্তারকৃত জামাল ও রুবেল বালিকে আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
শিক্ষা কর্মকর্তা আবদুর রউফের ভাষ্যমতে, বৃহস্পতিবার দুপুরে তিনি নিজের দাপ্তরিক কার্যালয়েই ছিলেন। দুপুরের দিকে সংসদ সদস্যের ভাগ্নে জহির উদ্দিন এবং সংসদ সদস্যের অনুসারী রুবেল আলী, শাসসুদ্দিন, জামাল উদ্দিন, বাহাউদ্দিনসহ ২৪ জন যুবক তার কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেন। আসার কারণ জানতে চাইলে সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারীর ভাগ্নে জহির উদ্দিন ও অনুসারী উপজেলা সৈনিক লীগের সভাপতি রুবেল আলী তার ডান হাত কেটে নেওয়ার কথা বলেন। এরপরই মারধর শুরু হয়। এ সময় হামলাকারীরা ‘এমপি স্যার নিষেধ করার পরেও তুই উপজেলায় নিয়োগ দিচ্ছিস, তোর হাত কেটে নিয়ে যাওয়ার নির্দেশ আছে’ বলে আগ্নেয়াস্ত্র বের করার কথা বলে। আকস্মিক ঘটনায় তিনি হতবিহ্বল হয়ে পড়েন।
এর আগে বুধবার একটি নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে বড়াইগ্রামের ইসলামপুর-গুনাইহাটি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষকে লাঞ্চিত করেন একই ব্যক্তিরা। এ ছাড়া মামলার আসামি রুবেল বালি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষ নিলে সেই ব্যক্তিকে এলাকা ছাড়া করার হুমকি দেন। হুমকির ভিডিও ভাইরাল হয়। শিক্ষা কর্মকর্তাকে মারধরের ঘটনায় ইত্তেফাকে শনিবার ‘এমপির হুকুম তোর হাতটা কেটে তাকে দিতে হবে’ এবং ‘নৌকার বিপক্ষে গেলে এলাকা ছাড়া করা হবে’ শিরোনামে দুটি সংবাদ প্রকাশ হয়।
বড়াইগ্রাম থানার ওসি শফিউল আযম খান ইত্তেফাককে জানান, শিক্ষা কর্মকর্তাকে মারধরের ঘটনায় প্রধান দুই আসামিসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।