দ্বৈত নাগরিকত্ব

প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে শাম্মী-সাদিক-শামীম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেছেন তিন হেভিওয়েট প্রার্থী। দ্বৈত নাগরিকত্ব প্রশ্নে তাদের মনোনয়নপত্র বাতিল করেছিল নির্বাচন কমিশন।

ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদনকারী তিন প্রার্থী হলেন- বরিশাল-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী শাম্মী আহমেদ, বরিশাল-৫ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও ফরিদপুর-৩ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম হক।

আজ রবিবার (১৭ ডিসেম্বর)  হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন করা হয়। রিটে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। 

বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের পারমিশন নিয়ে শাম্মী আহমেদ ও শামীম হক রিট করেছেন বলে জানান আইনজীবী শাহ মনজুরুল হক।

হাইকোর্ট

অন্যদিকে বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ থেকে পারমিশন নিয়ে সাদিক আবদুল্লাহ রিট করেছেন বলে জানান তার আইনজীবী খুরশিদ আলম খান।

এর আগে শুক্রবার দ্বৈত নাগরিকত্ব থাকায় ক্ষমতাসীন আওয়ামী লীগের দুজনসহ মোট তিন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। আপিল শুনানিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বরিশাল-৪ আসনের শাম্মী আহমেদ ও ফরিদপুর-৩ আসনের শামীম হক এবং বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সাদিক আবদুল্লাহর প্রার্থিতা বাতিল করেছে সংস্থাটি।