বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশন (বোমা) প্রতিষ্ঠার পর থেকে দেশের অনলাইন মিডিয়ার উত্থানে কাজ করেছে। প্রতিষ্ঠার পর থেকে সরকার ও স্টেকহোল্ডারদের মধ্যে সমন্বয় করে ডিজিটাল গণমাধ্যম প্রতিষ্ঠায় কাজ করছে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশও অনলাইন গণমাধ্যম জগতে বৃহৎ জায়গা করে নিতে পেরেছে। এর পেছনে অনলাইন মিডিয়া এসোসিয়েশনের ভূমিকা উল্লেখযোগ্য।
শুক্রবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় দেশের অনলাইন মিডিয়া জগতের বৃহৎ সংগঠন বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশনের দ্বিবার্ষিক সাধারণ সভায় অতিথিরা এ কথা বলেন।
আনন্দমুখর পরিবেশে ঢাকার বনানী গ্র্যান্ড প্লাটিনাম হোটেলের হলরুমে ৫ম বার্ষিক সাধারণ সভার সব অনুষ্ঠিকতা শেষ হয়। সভায় সভাপতিত্ব করেন বোমার ভারপ্রাপ্ত সভাপতি বিশিষ্ট সাংবাদিক একেএম শরিফুল ইসলাম খান। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহাদাত স্বপন।
দ্বিবার্ষিক সাধারণ সভায় সারাদেশ থেকে বিভিন্ন অনলাইন মিডিয়া ও বার্তা সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক, বাসসের সাবেক বার্তা সম্পাদক ও উত্তরা মিডিয়া ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বেদু।
বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশনের দ্বিবার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখেন সংগঠনটির নির্বাহী সভাপতি কামাল হোসেন, মীর আব্দুল আলীম, সহ-সভাপতি নাসির উদ্দিন বুলবুল, রাশেদুল হাসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক অয়ন আহমেদ, নির্বাহী সদস্য সাব্বির আহমেদ রনি, আবু নাঈম খান, আবু সুফিয়ান রতন, আনহার সমসাদ, জামসেদ ওয়াজেদ, শাহজাহান শোভন, সাইমুর রহমান, রফিকুল হুদা, এবিএম মনিরুজ্জান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বেদু বলেন, ‘দেশের অনলাইন গণমাধ্যমগুলোর সবচেয়ে পুরোনো সংগঠন হচ্ছে বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশন। এর কার্যক্রমের উপকার পেয়েছে দেশের প্রতিটি অনলাইন গণমাধ্যম কর্তৃপক্ষ। সংগঠনের কাজের পরিধি আরও বাড়াতে হবে। প্রয়োজনে তথ্যমন্ত্রীর সহযোগিতা নিয়ে দেশের সবগুলো অনলাইন গণমাধ্যমের নিবন্ধন নিশ্চিত করতে হবে।’
বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশনের দ্বিবার্ষিক সাধারণ সভায় নির্বাহী সভাপতি মীর আব্দুল আলীম বলেন, ‘সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বহুমাত্রিক ট্রেনিং দরকার। অনলাইনের খরায় আমাদের ভূমিকা আরো জোরদার করতে হবে। দেশের প্রতিটি জেলায় কমিটি করতে হবে। প্রয়োজনে একটি টিম করে সারাদেশে তৎপরতা বাড়াতে হবে।’
নির্বাহী সভাপতি কামাল হোসেন বলেন, ‘সর্বপ্রথম নিবন্ধন করতে হবে বোমার। আজকে এই অনুষ্ঠান থেকে আমাদের শপথ নিতে হবে, বোমাকে নতুন করে সুপ্রতিষ্ঠিত করবো।’
বোমার সাংগঠনিক সম্পাদক অয়ন আহমেদ বলেন, ‘সংগঠনের প্রত্যেকটি অনলাইনকে নিবন্ধনের আওতায় আনতে হবে। এরপর নিবন্ধিত অনলাইনগুলোকে সদস্য করার জন্য উদ্যোগ নিতে হবে।’
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলায়াত করেন মুহাম্মদ ওবায়দুল্লাহ। এরপর ‘বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশন’ (BOMA) এর সভাপতি একেএম শরিফুল ইসলাম খান স্বাগত বক্তব্য দেন। এসময় তিনি বোমার কার্যক্রম এগিয়ে নিতে সবার সহযোগিতা চান।
সভায় বিগত ৫ম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী, বার্ষিক প্রতিবেদন, আর্থিক প্রতিবেদন, অডিটর নিয়োগ, পরবর্তী অর্থবছরের (জুলাই ২০২২—জুন, ২০২৩) বাজেট ও কর্ম-পরিকল্পনা সবার সামনে উপস্থাপন ও অনুমোদনের জন্য পেশ করেন বোমার সাধারণ সম্পাদক শাহাদাত স্বপন। সবশেষে বোমার দ্বিবার্ষিক সাধারণ সভা উপলক্ষে সভাপতি-সাধারণ সম্পাদকের পক্ষ থেকে সবার জন্য উপহার বিতরণ করা হয়।