গতকাল শনিবার সিলেটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। সাভারে রবিবার সেলফি পরিবহনের বাসের চাপায় মারা গেছে এক শিশু। এছাড়া গত দুই দিনে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আরও চার জনের মৃত্যু হয়েছে।
গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতা জানান, সিলেট-তামাবিল মহাসড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কে তামাবিল পুলিশ ফাঁড়ির সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন, উপজেলার শান্তিনগড় গ্রামের আব্দুল মতিনের ছেলে আল আমিন (২৫) ও জৈন্তাপুর উপজেলার ২ নম্বর লক্ষ্মীপুর গ্রামের নুর মিয়া ওরফে নুরা মিস্ত্রির ছেলে মো. শাকিল আহমদ ইমন (৩০)। এ দুর্ঘটনায় সাইদুল ইসলাম নামে আরেক জন গুরুতর আহত হয়েছেন।
সাভারে বাসচাপায় শিশু নিহত
সাভার থেকে তুহিন খান জানান, সাভারে সেলফি পরিবহনের বাসের চাপায় তাওহীদ (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। পরীক্ষার ছুটিতে সাভারে পোশাকশ্রমিক মা-বাবার কাছে বেড়াতে এসে দুর্ঘটনায় প্রাণ গেল শিশুটির। শনিবার রাত ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের গেন্ডা বাসস্ট্যান্ডের কাছে এ ঘটনা ঘটে।
নিহত শিশুটির বাবা মোস্তফা কামাল জানান, তিনি ও তার স্ত্রী সাভারের গেন্ডা এলাকায় ভাড়া থেকে পোশাক কারখানায় কাজ করেন। তাদের দুই ছেলে ও এক মেয়ে গ্রামে নানা-নানির কাছে থেকে পড়াশোনা করত। বার্ষিক পরীক্ষার ছুটিতে গ্রামের বাড়ি পাবনা থেকে শনিবার রাতে মা বাবার কাছে সাভারে বেড়াতে আসে সন্তানরা। সাভারের গেন্ডা বাসস্ট্যান্ডে গাড়ি থেকে নেমে তিন সন্তানকে নিয়ে মহাসড়ক পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির মানিকগঞ্জগামী সেলফি পরিবহনের একটি বাস তাদের বড় সন্তান তাওহীদকে চাপা দেয়। মা-বাবার সামনেই বাসের চাকায় পিষ্ট হয়ে মারা যায় তাওহীদ। এ ঘটনার প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে সেলফি পরিবহনের বেশ কয়েকটি বাস আটকে রাখে এলাকাবাসী। ভাঙচুরও করা হয়েছে কয়েকটি বাস।
উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর ঢাকার ধামরাইয়ে সেলফি পরিবহনের দুই বাসের রেষারেষিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রুবেল পারভেজসহ দুই পথচারী নিহত হন। সেলফি পরিবহনের বাসের বেপরোয়া চালনার কারণে ঘটেছে বিভিন্ন সময়ে আরো বেশ কয়েকটি দুর্ঘটনা।
সিরাজদিখানে কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার এক যাত্রী নিহত, দুজন আহত
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা জানান, মুন্সীগঞ্জের সিরাজদিখানে কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার এক যাত্রী নিহত ও অপর দুই আরোহী গুরুতর আহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের বেতকা-তেঘরিয়া সড়কের কালিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. ওহাব খান সুমন (৫০) মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ইসমানিরচর গ্রামের মৃত হাজী মোবারক আলীর পুত্র। গুরুতর আহত দুজনকে ঢাকা মেডিক্যালে পাঠানো হয়েছে। খবর পেয়ে সিরাজদিখান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাভার্ড ভ্যান ও অটোরিকশাটি আটক করে।
আড়াইহাজারে বিআরটিসি বাসের ধাক্কায় নসিমন উলটে চালক নিহত
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিআরটিসি বাসের ধাক্কায় নসিমন উলটে গিয়ে চালক নিহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ঢাকা বিশনন্দী ফেরিঘাট সড়কের সাদারদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শরীফ (২৬) বিশনন্দী ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামের তোফাজ্জলের ছেলে। বিআরটিসি বাসের চালককে স্থানীয়রা আটক করলেও সে কৌশলে পালিয়ে যায়।
নিহতের পিতা তোফাজ্জল বলেন, আমি এ ঘটনার বিচার চাই, মামলা করব।
শ্রীবরদীতে অটোরিকশা উলটে চালকের মৃত্যু
শ্রীবরদী (শেরপুর) সংবাদদাতা জানান, শেরপুরের শ্রীবরদীতে অটোরিকশা উলটে চালক মোফাজ্জল হোসেনের (৬৫) মৃত্যু হয়েছে। রবিবার সকালে উপজেলার শ্রীবরদী-শেরপুর সড়কের ভারেরা মধ্যপাড়া গ্রামে ঐ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানা নিয়ে আসে। নিহত মোফাজ্জল হোসেন শেরপুর সদর উপজেলার কুসুমহাটি মোল্লাপাড়া গ্রামের মৃত সাহেব আলীর ছেলে। পুলিশ ও নিহতের পরিবার সদস্য সূত্রে জানা যায়, রবিবার ভোরে মোফাজ্জল হোসেন মাটিয়াকুড়া গ্রাম থেকে অটোরিকশায় ফুলকপি বোঝাই করে শেরপুর নিয়ে যাচ্ছিলেন। ভারেরা মধ্যপাড়া যাওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি উলটে গিয়ে সড়কের পাশের খেতে পড়ে যায়। এসময় চালক মোফাজ্জল অটোরিকশার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
শিবগঞ্জে বাসচাপায় শিশু নিহত
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা জানান, রবিবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের পুখুরিয়া এলাকায় বাসচাপায় রাহাত আলী (১৫) নামে এক শিশু নিহত ও অপর এক শিশু আহত হয়েছে। নিহত রাহাত আলী উপজেলার শ্যামপুর ইউনিয়নের সদা শিবপুর টিকোস গ্রামের তাজেল আলীর ছেলে। আহত শিশু একই গ্রামের মিন্টু আলীর ছেলে আজিম (১৩)। স্থানীয়রা জানান, সন্ধ্যায় কানসাট থেকে বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিল রাহাত ও আজিম। এ সময় পুখুরিয়া পেট্রোল পাম্পের সামনে পৌঁছালে একই দিক থেকে আসা একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান রাহাত। স্থানীয়রা আহত আজিমকে উদ্ধার করে চিকিত্সার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
মনোহরগঞ্জে বরযাত্রীবাহী বাস খাদে পড়ে ৯ জন আহত
মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা জানান, কুমিল্লার মনোহরগঞ্জে বালু বোঝাই একটি ড্রাম ট্রাককে ওভারটেক করার সময় বরযাত্রীবাহী একটি বাস উলটে খাদে পড়ে গেলে বাসের ৯ জন যাত্রী আহত হন। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চৌদ্দগ্রামে বাসের ধাক্কায় রিকশার চালক ও দুই যাত্রী আহত
চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা জানান, কুমিল্লার চৌদ্দগ্রামে রবিবার দুপুরে বৈদ্দরখীল সংযোগ সড়ক থেকে যাত্রীবাহী একটি অটোরিকশা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অতিক্রম করতে গেলে নোয়াখালীগামী একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে অটোরিকশার চালক তাজুল ইসলাম (৬০) এবং দুই যাত্রী তারাশাইল গ্রামের মনা মিয়ার দুই মেয়ে চুমকি (১৮) ও পিংকি (১৪) আহত হন। স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তিন জনকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাদেরকে কুমিল্লা মেডিক্যালে প্রেরণ করেন।