সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ক্ষমতায় ফিরলে অভিবাসীরা আমেরিকা ছেড়ে পালাবে। তিনি বলেন, অবৈধ অভিবাসীরা আমেরিকানদের রক্তকে বিষিয়ে তুলছে।
নিউ হ্যাম্পশায়ারের ডারহ্যামে এক জনসভায় ট্রাম্প বলেন, এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা থেকে শরণার্থীরা অনুপ্রবেশ করছেন আমেরিকায়। তারা আমেরিকানদের রক্তকে বিষিয়ে তুলেছেন। সেই সঙ্গে নিজের প্রতিদ্বন্দ্বীকে খোঁচাও মারেন ট্রাম্প।
প্রেসিডেন্ট বাইডেনের সীমান্তনীতির সমালোচনা করে তিনি বলেন, বাইডেনের আইকিউ কম। ট্রাম্প দাবি করেন, বাইডেন যত দিন ক্ষমতায় থাকবেন, তত দিন আমেরিকানদের স্বপ্ন মৃতই থাকবে। তিনি বাইডেনকে আমেরিকার সবচেয়ে নিকৃষ্ট প্রেসিডেন্ট বলেও দাবি করেন।
উল্লেখ্য, মেক্সিকো সীমান্ত হয়ে বহু মানুষ আমেরিকায় প্রবেশ করেন আশ্রয়ের খোঁজে। ক্ষমতায় এলে মার্কিন মুলুকে শরণার্থীদের অনুপ্রবেশ আটকাতে এই সীমান্তেই প্রাচীর তোলার ঘোষণা করতে দেখা যায় তাকে। আগামী বছর আমেরিকায় নির্বাচন। শেষ পর্যন্ত কী হবে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।