সরকারি সিলগালা করা শিপইয়ার্ডে প্রবেশ, ৫ জনকে ১৫ দিন কারাদণ্ড

চট্টগ্রামের সীতাকুণ্ডে সরকারি সিলগালা করা শিপইয়ার্ডে প্রবেশ করায় ৫ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টায় সরকারি সিলগালা করা ফৌজদারহাট তুলাতুলি সাগর উপকূলে কোহিনুর শিপইয়ার্ডে এ ঘটনা ঘটে।

জানা গেছে, কিছু দুষ্কৃতকারী সরকারি নিষিদ্ধ করা শিপইয়ার্ডে অনুপ্রবেশ করে। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আলাউদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সময় হাসান আলী, কাঞ্চন দাস, মো. পারভেজ, মো. হামিদ ও মো. নাছিরকে হাতেনাতে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত আটককৃত ৫ জনের প্রত্যককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেয়। পরে তাদেরকে পুলিশে কাছে সোর্পদ করা হয়। 

অভিযানে উপস্থিত ছিলেন ভূমি অফিসের পেশকার মো. সবদের হোসেন, নাজির কাজী মো. নুর উদ্দিন হাসনাত, সার্ভেয়ার সজিব দাস, মো. শামীমুর রহমান, মো. মোস্তাফিজুর রহমানসহ অনেকে।

উল্লেখ্য, শিপইয়ার্ডটির লিজের কোনো কাগজপত্র না থাকায় গত মে মাসের ২৯ তারিখে তৎকালীন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম শিপইয়ার্ডটি সিলগালা করে দেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আলাউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিষিদ্ধ করা সরকারি জায়গায় অবৈধভাবে প্রবেশ করায় তাদেরকে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।