দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, ইনশাআল্লাহ, এবারের নির্বাচনে ঈগল প্রতীক নিয়ে আমি লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে হ্যাটট্রিক করবো।
সোমবার (১৮ ডিসেম্বর) বিকালে নির্বাচনী প্রচারণার প্রথম দিনে ভাঙ্গা পৌরসভার বিভিন্ন ক্লাব উদ্বোধনকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। এ সময় নিক্সন চৌধুরীর আগমনের কথা শুনে পৌরসভার হাজার হাজার জনগণ ও নেতা-কর্মী উপজেলা চত্বরে জড়ো হতে থাকে।
নিক্সন চৌধুরী বলেন, গত নির্বাচনে অর্ধলাখ ভোটের ব্যবধানে জনগণ আমাকে বিজয় করেছে। দ্বাদশ জাতীয় নির্বাচনে ঈগল প্রতীকে তৃতীয়বারের মতো আমাকে বিজয়ী করবে ফরিদপুর-৪ এর জনগণ। ঈগল প্রতীক জনগণের প্রতীক, ঈগল প্রতীক উন্নয়নের প্রতীক, ঈগল প্রতীক মূল্যায়নের প্রতীক, ঈগল জনগণের প্রতীক। ফরিদপুর-৪ আসনের ৫ লাখ ভোটারের হৃদয়ের প্রতীক ঈগল।
এ সময় তিনি জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম হাবিবুর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌর কাউন্সিলর এবং হাজার হাজার জনগণের মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করেন।
মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে হাইওয়ে এক্সপ্রেসের গোল চত্বরে এসে জনতার উদ্দেশ্যে তিনি বলেন, নির্বাচনের দিন পর্যন্ত নির্বাচনী আচরণবিধি মেনে সুন্দর ও মনোরম উৎসবমুখর পরিবেশে সকলেই নির্বাচনের ভোটে অংশগ্রহণ করবেন।