সৃজনোম্মুখ আলোকিতজন মাহবুবুর রহমান বাবু

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে একমাত্র খেতাবপ্রাপ্ত বিদেশি মুক্তিযোদ্ধা এএস ওডারল্যান্ডের নাম বেশিরভাগ মানুষেরই অজানা। দূর দেশের নাগরিক হয়েও তৎকালীন পূর্ব পাকিস্তানের বাটা’য় কর্মরত এই যোদ্ধা ঝাঁপিয়ে পড়েছিলেন আমাদের মুক্তিযুদ্ধে। তরুণ প্রকাশক ও লেখক মাহবুবুর রহমান বাবু এই ভিনদেশী অকুতোভয় বীর যোদ্ধাকে নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণ করেছিলেন। 

নেদারল্যান্ড, অস্ট্রেলিয়া, জার্মানি ও বাংলাদেশ এই চার দেশে নিজ অর্থায়নে শুটিং ও তথ্য সংগ্রহের মতো ব্যয়বহুল কাজ তিনি একাই সামলিয়েছেন দেশ ও দেশের ইতিহাসের প্রতি দায়বদ্ধতা থেকে। এটিই বীরপ্রতীক ওয়াডারল্যান্ডকে নিয়ে নির্মিত একমাত্র তথ্যচিত্র। তথ্যচিত্র ছাড়াও তিনি ওয়াডারল্যান্ডকে নিয়ে ইংরেজি ও বাংলা ভাষায় দুটি বই রচনা করেছেন।

বহুমাত্রিক গুণের মানুষ মাহবুবুর রহমান বাবু। ছবি: সংগৃহীত

মাহবুবুর রহমান বাবুর আরেক পরিচয় তিনি একজন সফল প্রকাশক। প্রকাশনা শিল্পে হাতেখড়ি প্রবাদপ্রতীম প্রকাশক চিত্তরঞ্জন সাহার হাতে। খ্যাতনামা প্রকাশনী মুক্তধারায় কাজ করে অভিজ্ঞতা অর্জনের পর ‘বইপত্র প্রকাশন’ নামে আলাদা প্রকাশনা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এটাও সেই দুই যুগ আগের কথা। ইতিমধ্যে তিনি কয়েকশত লেখকের প্রায় সহস্রাধিক বইয়ের প্রকাশক।

বাবুর জন্ম ১৯৭৬ সালের ১৮ ডিসেম্বর মুন্সিগঞ্জ বিক্রমপুর জেলার শ্রীনগর উপজেলার রাড়িখাল ইউনিয়নের প্রাণীমণ্ডল গ্রামে। বাবা মরহুম সোহরাব আলী দেওয়ান মা মিসেস রাশিদা দেওয়ান। স্ত্রী মাহমুদ আক্তার সীমা, ছেলে সোহরাব মাহবুব কাব্য, মেয়ে আরিয়া মাহবুব ইরাকে নিয়ে তার পরিবার।

বহুমাত্রিক গুণের অধিকারী মাহবুবুর রহমান বাবু। ছবি: সংগৃহীত

বর্তমানে তিনি কর্মসূত্রে অবস্থান করছেন জাপানে। নিজের কাজের পাশাপাশি জাপানে বসবাসকারী বাংলা ভাষাভাষীদের জন্য ‘জাপানবাংলা প্রেস ডটকম’ নামের একটি নিউজ পোর্টাল সম্পাদনা করছেন। পোর্টালটি ইতিমধ্যে জাপান প্রবাসী বাঙালিদের কাছে জনপ্রিয় হতে শুরু করেছে। 

সোমবার (১৮ ডিসেম্বর) সৃজনোম্মুখ আলোকিতজন মাহবুবুর রহমান বাবুর জন্মদিন। জন্মদিনের প্রত্যাশা তার সৃজনশীল কর্মপরিধি দেশের সীমানা পেরিয়ে বিদেশের মাটিতেও আলো ছড়াক।