কুড়িগ্রাম রাজারহাট উপজেলার কুড়িগ্রাম রংপুর রেললাইনের ঠাঁটমারী বদ্ধভূমি এলাকার রেল সেতুর লাইনের ১০টি হুক বোল্ট (নাট) চুরি করে নিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে কুড়িগ্রাম রেল স্টেশন মাস্টার মোঃ শামসুজ্জোহা বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও রেলসূত্রে জানা যায়, কুড়িগ্রাম রংপুর রেললাইনের ঠাঁটমারী বদ্ধভূমি এলাকায় অবস্থিত রেলসেতুর উপরের স্লিপারের নাট কে বা কারা খুলে নিয়ে যায়। এ ঘটনায় দুপুরে রেল ওয়েম্যান কুড়িগ্রাম রেল স্টেশন মাস্টারকে খবর দিলে তারা উপস্থিত হয়ে রেল লাইনের কাজ শুরু করে।
এ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্দ সাইদুল আরীফ ও জেলা পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম।
এ ব্যাপারে কুড়িগ্রাম রেল স্টেশন মাস্টার শামসুজ্জোহা জানান, হারিয়ে যাওয়া নাটগুলোর স্থলে নতুন নাট বসানো হয়েছে। এখন রেল চলাচলে কোন সমস্যা নেই।
এ প্রসঙ্গে কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। রেল বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জেনেছি, নাট চুরির বিষয়টি নাশকতা সৃষ্টি নয়, নাটগুলো কেউ চুরি করে নিয়েছে। ঘটনাস্থলে রেল বিভাগ কাজ করেছে।