আর্মি অ্যর্ডন্যন্স কোরের অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি অর্ডন্যান্স কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) অর্ডন্যান্স সেন্টার অ্যান্ড স্কুল, রাজেন্দ্রপুর সেনানিবাসে এ কোরের ৪৩তম অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, সেনাবাহিনী প্রধান বাৎসরিক অধিনায়ক সম্মেলনে উপস্থিত আর্মি অর্ডন্যান্স কোরের অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং এ কোরের উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও দেশে-বিদেশে পরিচালিত বিভিন্ন কার্যক্রম বিষয়ে মতবিনিময় করেন।

আইএসপিআর আরও জানায়, সেনাপ্রধান মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী আর্মি অর্ডন্যান্স কোরের বীর সেনানীসহ সকল বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করেন। তিনি আর্মি অর্ডন্যান্স কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য, যুদ্ধ ও শান্তিকালীন নিরবিচ্ছিন্নভাবে অস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য অর্ডন্যান্স সহায়তা প্রদানের মতো গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে বলেন, আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত থাকতে হবে।

একই দিনে সেনাবাহিনী প্রধান বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি, গাজীপুরে আর্মি ফার্মা লিমিটেডের ভিত্তি প্রস্তর স্থাপন, প্রোডাকশন ইউনিট, প্যাকেজিং ইউনিট এবং বিএমটিএফ অ্যাপারেলস-এর উদ্বোধন করেন। পাশাপাশি তিনি উক্ত প্রতিষ্ঠানগুলোর উপস্থিত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, অন্যান্য অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার এবং বিভিন্ন পদবির সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।