তথ্য অধিকার আইনে তথ্য চেয়ে না পেয়ে তথ্য কমিশনের কাছে অভিযোগ দাখিলের পর নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা নুরুল আজীজকে আগামী ৫ কার্যদিবসের মধ্যে তথ্য দিতে নির্দেশ দিয়েছেন তথ্য কমিশন। সেই সঙ্গে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তথ্যপ্রাপ্তির আবেদন পেয়েও তথ্য সরবরাহে বাঁধা সৃষ্টি করেছেন মর্মে প্রতীয়মান হয়।
এ অবস্থায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা নুরুল আজীজের বিরুদ্ধে তথ্য অধিকার আইনে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য মহাপরিচালক প্রাণীসম্পদ অধিদপ্তর কৃষি খামার সড়ক ফার্মগেট, ঢাকাকে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন কমিশন। কমিশনের আদেশের পরও তথ্য না পেয়ে আবেদনকারী তথ্য কমিশনের দায়িত্বপ্রাপ্ত গবেষণা কর্মকর্তা রাবেয়া হেনার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে ও তথ্য কমিশনের ওয়েবসাইটের সিদ্ধান্তপত্র ঘেঁটে এ বিষয়ে নিশ্চিত হয়েছেন।
জানা গেছে, গত ৩ মে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা নুরুল আজীজের কাছে তথ্য অধিকার আইনে তথ্য প্রাপ্তির আবেদন পত্রের মাধ্যমে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় গবাদীপশুর উন্নয়নে কি কি প্রকল্প চালু রয়েছে, প্রকল্পসমূহের নাম, বরাদ্দ ও বাস্তবায়নের নীতিমালাসহ প্রয়োজনীয় তথ্য চেয়ে আবেদন করেন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার দৈনিক ইত্তেফাক সংবাদদাতা শামীম হোসেন বাবু। তথ্য ফরমে আবেদন করার পর তিনি কোনো তথ্য সরবরাহ করেননি। পরবর্তীতে গত ১১ জুন সংশ্লিষ্ট দপ্তরের জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ও আপিল কর্মকর্তা মো. মোনাক্কা আলীর কাছে তথ্য আবেদনের কপি সংযুক্ত করে আপিল ফরমে তথ্য চেয়ে আবেদন করলেও তিনি কোনো তথ্য সরবরাহ না করায় গত ১১ জুলাই প্রধান তথ্য কমিশনার বরাবর অভিযোগ দাখিল করলে কমিশন অভিযোগের প্রেক্ষিতে আগামী দশ কার্যদিবসের মধ্যে তথ্য সরবরাহের নির্দেশ দেন।
তথ্য কমিশনের আদেশের বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা নুরুল আজীজ বলেন, আমি অফিসের বাইরে আছি। এ বিষয়ে আপনার সঙ্গে পরে কথা বলব।