পর্যবেক্ষণে সালাহউদ্দিন

হৃদযন্ত্রের জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন। আজ তার বাইপাস সার্জারি করার কথা। তবে তার আগে সালাহউদ্দিনের শারীরিক অবস্থা বিবেচনা করে সার্জারির সিদ্ধান্ত নেওয়া হবে। সালাহউদ্দিন এখন চিকিত্সকদের পর্যবেক্ষণে রয়েছেন। সার্জারি করার আগে যেসব প্রস্তুতি থাকা দরকার, তা রয়েছে কি না, সেটি দেখে ডাক্তাররা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে সালাহউদ্দিনের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।

সূত্রমতে সালাহউদ্দিনের হৃদযন্ত্রে তিনটি ব্লক পাওয়া গেছে। যার একটি ঝুঁকিপূর্ণ। সালাহউদ্দিনের স্বাস্থ্যের কথা বিবেচনা করে এই মুহূর্তে সালাহউদ্দিনের সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না। তাকে সম্পূর্ণ বিশ্রামে রাখা হয়েছে। শুধু তার পরিবার তার পাশে রয়েছেন। জানা গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সালাহউদ্দিনের খোঁজ রাখছেন। পরিবার থেকে সালাহউদ্দিনকে বিদেশে নিয়ে চিকিত্সা করানোর উদ্যোগ নিলেও পরে সেখান থেকে সরে আসা হয়।   

বাফুফে সভাপতি সালাহউদ্দিনের আরোগ্য কামনায় গতকাল দোয়া করা হয়েছে। বিশেষ করে প্রিমিয়ার ফুটবল লিগের খেলা যে চার ভেন্যুতে শুরু হয়েছে, তার প্রত্যেক ভেন্যুতে খেলা শুরু হওয়ার আগে দোয়া করা হয়। রাজশাহীতে মোহামেডান-ফর্টিসের খেলার উদ্বোধন করতে এসে দোয়া অনুষ্ঠানে অংশ নেন সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

গত ১৬ ডিসেম্বর বাসা থেকে বের হওয়ার আগে বুকে ব্যথা অনুভব করেন সালাহউদ্দিন। সেখান থেকে একটি হাসপাতালে নেওয়া হলে ডাক্তাররা তাকে দ্রুতই ভর্তি হতে বলেন। তা না করে ফেডারেশনের কাজে গিয়েছিলেন বাফুফে ভবনে। কাজ শেষ করে বিকালে বাসায় ফেরেন সালাহউদ্দিন। সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। ফেডারেশনের কাজে গিয়ে সালাহউদ্দিন খাওয়া-দাওয়া ঠিকমতো করতেন না।