চাঁদপুরে ট্রেনে নাশকতার চেষ্টা, আটক ১

চাঁদপুরের হাজীগঞ্জে ট্রেনে নাশকতার চেষ্টার অভিযোগে একজনকে আটক করেছেন আনসার বাহিনীর সদস্যরা।

শুক্রবার রাত পৌনে ১২টার দিকে হাজীগঞ্জ রেলস্টেশন থেকে তাকে আটক করে আনসার সদস্যরা।

আটক হওয়া মোজাম্মেল হোসেন (৫৫) হাজীগঞ্জের অলিপুর গ্রামের আব্দুল রশিদের ছেলে।

জেলা আনসার ও ভিডিপির কমান্ড্যান্ট উজ্জ্বল কুমার পাল বলেন, ‘মোজাম্মেল নামের মধ্যবয়সী লোকটির পকেটে বেশ কিছু রেললাইনের পাথর, লাইট, গ্যাসলাইট পাওয়া গেছে। তিনি ২৬ স্থানে রেললাইলের ওপরে বড় সাইজের পাথর রেখে পালাচ্ছিলেন। তখন তাকে হাতেনাতে আটক করা হয়।’

তিনি আরও বলেন, ‘হাজীগঞ্জ সেতুর কাছে রেললাইনের ওপরে একটি গাছ ফেলা অবস্থায় পাওয়া গেছে। গাছটি সরানো হয়েছে। তবে কে বা কারা গাছটি ফেলেছে তা এখনও জানা সম্ভব হয়নি। আমাদের পক্ষ থেকে কঠোর নজরদারি রয়েছে। রেলপথের প্রতিটি স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।’