ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনের ক্লিপ খোলায় যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়ায় রেল লাইনের ক্লিপ খোলার অভিযোগে আরিফ (২২) নামে এক যুবককে আটক করেছে আনসার বাহিনীর সদস্যরা।

শুক্রবার (২৩ ডিসেম্বর) বিকেলে ঢাকা-চট্রগ্রাম রেলপথের জেলা শহরের পৈরতলা রেলগেট সেতুতে থেকে তাকে আটক করা হয়। সে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাটপাড়া গ্রামের আবুল কালামের ছেলে।

আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো. ইসমাইল হোসেন জানান, ‘বিকেলে ওই যুবক পৈরতলা গণকবর এলাকার রেললাইনের প্যাচানো ক্লিপ খুলছিল। এ সময় দায়িত্বরত আনসার বাহিনীর সদস্যরা তাকে দেখে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটক করে। পরে তার কাছ থেকে চারটি প্যাচানো ক্লিপ উদ্ধার করে। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে তাকে আটক করে নিয়ে যায়।’

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. আসলাম হোসেন বলেন, ‘এ ঘটনায় জিআরপি থানায় মামলা হবে।’