দ্বাদশ সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি। ২৮ দফার এ ইশতেহারে শোষণমুক্ত অসাম্প্রদায়িক দেশ গড়ার অঙ্গীকার ছাড়াও নির্বাচন কমিশনকে আরও শক্তিশালী করা, দুর্নীতি দমনে বিশেষ আদালত গঠন, পাচার হওয়ার অর্থ ফেরত আনা, ঋণ খেলাপি রোধ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ইত্যাদি প্রতিশ্রুতির কথা উঠে এসেছে।
আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে নির্বাচনী ইশতেহার তুলে ধরেন দলটির পলিট ব্যুরোর সদস্য নূর আহমেদ বকুল। তিনি বলেন, সব নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার, রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচার নিশ্চিতের লক্ষ্যে ২৮ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করছি।
তিনি আরও বলেন, আমরা নির্বাচন করছি ১৪ দলগতভাবে এবং পাশাপাশি এবারের নির্বাচনের বিশেষ বৈশিষ্ট্যে আমরা আলাদাভাবেও প্রার্থী দিয়েছি। পার্টির ২৩ জন প্রার্থী আমাদের প্রতীক হাতুড়ি মার্কায় নির্বাচন করছেন, দুই প্রার্থী ১৪ দলীয় জোটের প্রার্থী হয়ে নৌকা মার্কায় নির্বাচন করছেন।
নূর আহমেদ বকুল বলেন, সবচেয়ে দরিদ্র উপজেলায় কর্মসংস্থান স্কিম চালু, আইনি সুরক্ষাসহ জাতীয় ন্যুনতম মজুরির মানদণ্ড নির্ধারণ, পরিকল্পিত ব্লু ইকোনমি, কোচিং ও নোট ব্যবসা বন্ধ, আদিবাসীদের মাতৃভাষায় শিক্ষা, পারিবারিক ও উত্তরাধিকার আইনে নারীর প্রতি বৈষ্যম দূর করে ‘ইউনিফর্ম ফ্যামিলি কোড’, এবং বাজার ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে ফড়িয়া প্রথা ও মজুতদারি রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে পার্টির পলিট ব্যুরোর সদস্য মাহমুদুল হাসান মানিক, আনিসুর রহমান মল্লিক, শরীফ সাফী, এনামুল হক ইমরান, তপন বসু, কামরুল আহসান ছিলেন।