রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র পরিচালনা পর্ষদের নির্বাচন কেন্দ্রিক জোট ‘ফোরাম’ পোশাক শিল্পে আগামী দিনের চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে উম্মুক্ত আলোচনার আয়োজন করে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিজিএমইএ’র সদস্য এমন ১৫০ শিল্পোদ্যোক্তা ঢাকার উত্তরা ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
ফোরামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। ফোরাম জানায়, ভিন্ন আঙ্গিকে আয়োজিত এ অনুষ্ঠানে সাধারণ সদস্যরা বক্তব্য দেন এবং তারা তাদের অভিমত তুলে ধরেন। বিজিএমইএ’র আগামী নির্বাচনকে সামনে রেখে সংগঠনটি এই সভার আয়োজন করে।
উদ্যোক্তারা এইচএস কোডের দ্বৈততা নিরসন, সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে বোঝাপড়া বৃদ্ধি, ব্যবসা সহজীকরণ, এক্সিট পলিসি, পণ্যের যৌক্তিক মূল্যসহ ৩২টি বিষয় উত্থাপণ করেন। ফোরাম প্যানেল লিডার ফয়সাল সামাদ প্রতিটি বিষয়ে তার ভিশন ও মিশন উপস্থাপন করেন। তিনি বলেন, সদস্যদের স্বার্থেই বিজিএমইএকে কাজ করতে হবে।
বিজিএমইএ’র আসন্ন নির্বাচনে তিনি ফোরাম প্যানেলের ওপর সকলকে আস্থা রাখার আহবান জানিয়ে বলেন, যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করে সদস্যরা স্বার্থ রক্ষায় ফোরাম অনন্য এক প্ল্যাটফর্ম। এ প্রসঙ্গে তিনি কোভিড অতিমারির ভয়াবহ পরিস্থিতির উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তায় আমরা সে সময় একটি কারখানাও বন্ধ হতে দেয়নি। পোশাক শিল্পে সার্বক্ষণিক সহায়তার জন্য প্যানেল লিডার প্রধামন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উম্মুক্ত আলোচনায় ফোরামের সভাপতি আবদুস সালাম এবং মহাসচিব আসিফ ইব্রাহিমসহ প্যানেল সদস্যরা, সাবেক সভাপতি ও পরিচালকরা উপস্থিত ছিলেন।