জম্মুতে আন্তর্জাতিক সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকারী চার সন্ত্রাসীকে সহায়তা করেছে পাকিস্তানি সেনাবাহিনী। গতকাল (শুক্রবার) রাতে সন্ত্রাসীরা অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় তারা ভারতীয় নজরদারি ফাঁকি দিতে নিজেদের একটি সামরিক ফাঁড়িতে আগুন ধরিয়ে দেয়। সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।
তবে ভারতীয় সেনাবাহিনী অনুপ্রবেশের চেষ্টা ঠেকাতে পেরেছে। এসময় দুই সন্ত্রাসী নিহত হয় ও অন্য দুইজন পাকিস্তানের দিকে পালিয়ে যায়।
আগের দিন হোয়াইট নাইট কর্পস নামে পরিচিত ভারতীয় সেনাবাহিনীর ১৬ কর্পস এক্সের এক পোস্টে বলেছে, আখনুর সেক্টরে চার সন্ত্রাসীর গতিবিধি লক্ষ্য করা গেছে। সন্ত্রাসীদের লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল এবং তাদেরকে একটি মৃতদেহ টেনে সীমান্তের ওপারে নিয়ে যেতে দেখা গেছে।
ঘটনাটি তাৎপর্যপূর্ণ কারণ পাকিস্তানি বাহিনী তাদের একটি ফাঁড়িতে আগুন দিয়েছে ভারতীয় নজরদারিকে ফাঁকি দেওয়ার জন্য। সূত্র জানায়, এই ঘটনা ইঙ্গিত দেয়, নিয়ন্ত্রণ রেখা ছাড়াও পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তও সক্রিয় করছে।
সেনাবাহিনী এই অঞ্চলে অনুপ্রবেশ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি বড় অভিযান শুরু করেছে। অভিযানটি রাজৌরি-পুঞ্চ অঞ্চলের ২০০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে রয়েছে যা সন্ত্রাসীদের একটি নতুন কেন্দ্র হিসেবে আবির্ভূত হচ্ছে।
বৃহস্পতিবার পুঞ্চে একটি এনকাউন্টারে চার সেনা নিহত ও তিনজন আহত হয়। সন্ত্রাসীরা ডেরা কি গালি এলাকার মধ্য দিয়ে যাওয়া সেনাবাহিনীর দুটি গাড়িতে গুলি চালানোর পর এনকাউন্টার শুরু হয়। এপ্রিল ও মে মাসে রাজৌরি-পুঞ্চ অঞ্চলে জোড়া হামলায় ১০ সেনা নিহত হয়েছিল।