শিক্ষার মানোন্নয়ন

দুর্যোগপ্রবণ এলাকায় প্রয়োজন যথাযথ পরিকল্পনা-বাজেট

দুর্যোগপ্রবণ এলাকায় শিক্ষার গুণগত মানোন্নয়নে যথাযথ পরিকল্পনা ও বাজেট প্রয়োজন। আজ রোববার সিরডাপ মিলনায়তনে ‘শিক্ষার গুণগত মান উন্নয়নে জাতীয় নীতি' শীর্ষক সংলাপে বক্তারা এ মন্তব্য করেন। খুলনা ও বাগেরহাটের চার উপজেলায় পরিচালিত ‘বাংলাদেশে দুর্যোগপ্রবণ এলাকায় প্রাথমিক শিায় পাঠদান, শিখন এবং মূল্যায়ন প্রক্রিয়ায় ঘাটতি’ শীর্ষক গবেষণার প্রেক্ষিতে অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন,বাংলাদেশের দুর্যোগপ্রবণ এলাকায় প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে শিক্ষক স্বল্পতা, অবকাঠামোগত দুর্বলতা, দুর্যোগকালে ও পরবর্তীতে করণীয় সম্পর্কে প্রস্তুতির অভাব, তদারকির অভাব প্রভৃতি সমস্যা রয়েছে। সেজন্য শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ বাড়াতে হবে।

সংলাপে ওয়েভ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মহসিন আলীর সভাপতিত্বে অতিথি ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমিরেটাস অধ্যাপক মনজুর আহমেদ, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের পরিচালক (কার্যক্রম) ও যুগ্মসচিব মোহাম্মদ কামরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক শাহ শামীম আহমেদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক রঞ্জন সাহা পার্থ। প্রবন্ধ উপস্থাপন করেন বুজিবন্ডের লিড গবেষক শাহজাদা এম আকরাম এবং আলোচনা করেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের রিসার্চ ফেলো সিবান শাহানা এবং স্ট্রিট চাইল্ড ইউকের প্রোগ্রাম ম্যানেজার ইমতিয়াজ হৃদয়। সঞ্চালনা করেন ওয়েভ ফাউন্ডেশন এর সুশাসন, অধিকার ও ন্যায্যতা কর্মসূচির উপ-পরিচালক কানিজ ফাতেমা।  

মূল প্রবন্ধে শাহজাদা এম আকরাম উল্লেখ করেন, কয়েক দশকে প্রাথমিক শিক্ষায় অন্তর্ভুক্তির ক্ষেত্রে অগ্রগতি ঘটলেও শিক্ষার মান এখনো একটি চ্যালেঞ্জ। কাঠামোগত পরিবর্তন, শিক্ষা প্রশাসনের পুনর্গঠন এবং শিক্ষকদের পেশাগত উন্নয়নসহ জাতীয় শিক্ষানীতি ২০১০-এর বেশকিছু মূলনীতি এখনও বাস্তবায়িত হয়নি। 

দুর্যোগপ্রবণ এলাকায় প্রাথমিক শিক্ষার যে সমস্যাগুলি গবেষণায় উঠে এসেছে সেগুলো হলো পর্যাপ্ত শিক্ষকের অভাব, বক্তৃতাভিত্তিক পাঠদান প্রক্রিয়া, গতানুগতিক পরীক্ষাভিত্তিক মূল্যায়ন, দুর্বল ও অনিয়মিত তদারকি, দুর্যোগের কারণে স্কুল বন্ধ থাকা এবং দুর্বল যোগাযোগ ব্যবস্থা। বেশকিছু সুপারিশ উপস্থাপন করেন তিনি, যার মধ্যে দ্রুততার সঙ্গে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শূন্য পদে শিক্ষক নিয়োগ এবং মান বজায় রাখতে প্রশিক্ষিত শিক্ষক নিয়োগ দেওয়া, পাঠ্যক্রম বাস্তবায়নে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সমতা তৈরি, নিয়মিত ও অর্থপূর্ণ তদারকির জন্য উপজেলা শিক্ষা অফিসে পর্যাপ্ত মানবসম্পদ নিশ্চিতকরণ প্রভৃতি।

ড. মনজুর আহমেদ বলেন, জলবায়ু অভিঘাত, উষ্ণায়ন, শিক্ষা দারিদ্র্য প্রভৃতির ক্ষেত্রে আমরা সামগ্রিক দুর্যোগে আছি বটে, তবে এসব দুর্যোগ আমাদের একসঙ্গে মোকাবেলা করতে হবে। তথ্যগত সীমাবদ্ধতা কাটিয়ে এগিয়ে যেতে হবে।