ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, চাচা আমার ফুফু নৌকা আপনাকে দেয় কিন্ত বৈঠা আমাকে দেয়। সেই বৈঠা দিয়ে আমি কলা গাছের ভেলা বানাইয়া নদী পার হই। আর আপনি নৌকা নিয়ে নদী পার হতে পারেন না। আমি একবার আনারস, একবার সিংহ, এবার ঈগল পাখি মার্কায় ১ লাখ ভোটের ব্যবধানে বিজয়ী হব ইনশাল্লাহ।
রোববার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় ভাঙ্গা উপজেলার মানিকদা ইউনিয়নের ব্রাহ্মণকান্দা উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসভায় আওয়ামী লীগের প্রার্থী কাজী জাফর উল্যাহকে উদ্দেশ্য করে তিনি এ কথা বলেন।
নিক্সন চৌধুরী বলেন, কোনো শক্তিই আমাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। বিগত ১০ বছর আমি জনগণের উন্নয়ন ও মূল্যায়ন প্রতিষ্ঠা করেছি। আমি জনগণের সঙ্গে ছিলাম আছি এবং থাকবো। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭ তারিখে আমার প্রতীক ঈগল মার্কায় আপনারা ভোট দিবেন। আপনারা মাত্র আগামী ১০ দিন আমার জন্য আপনারা মাঠে কাজ করবেন। বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইবেন।
তিনি বলেন, চাচা কয় খেলা হবে, চাচা আপনি দশ দিন পর এলাকায় আসছেন, কি খেলবেন। আপনি ফরিদপুরের (এস,পি) পুলিশ সুপারকে বলেন, ডিসিকে বলেন, ওসিকে বলেন, যে তারা আমার কথা শোনে না, আপনার কথা কি শুনবে? তারা তাদের নিয়মই চলবে, অন্যায় আবদার করলে তো তারা শুনবেই না।
নিক্সন চৌধুরী আরও বলেন, চাচা আপনি মানুষের বিপদে-আপদে তাদের কাছে আসবেন না, করোনার সময় আসবেন না ,ভোটের আগে আইসা বলবেন নৌকা নৌকা। জনগণের সঙ্গে মিশবেন না কিন্তু জনগণ আপনাকে ভোট দেবে, ভোট আপনার গিজগিজ করে। আমি জনগণের সঙ্গে সবসময় ছিলাম, আছি থাকব। ইনশাআল্লাহ এবার ঈগল মার্কায় ১ লাখ ভোটের ব্যবধানে বিজয়ী হব।
মানিকদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল্লাহ বাচ্চু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন, ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান ইসহাক মোল্লা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাইজুর রহমান, জেলা পরিষদের সদস্য মো. আশিক ইকবাল স্বপন, আক্কাস মাতুব্বর ও রুহুল আমিন মিয়াসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বারগণ, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ প্রমুখ।