যৌন হেনস্থার প্রতিশোধ নিতে ২৫ বছর বয়সী এক যুবককে কুপিয়ে খুন করার পর তার দেহে আগুন ধরিয়ে দিয়েছে ৩ কিশোরী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পূর্ব দিল্লির নিজামুদ্দিন এলাকায়। রোববার দিল্লি পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। খবর টাইমস অব ইন্ডিয়া ও হিন্দুস্তান টাইমস এর।
পুলিশ জানায়, নিহত যুবক অভিযুক্তদের মধ্য থেকে একজনকে যৌন নিপীড়ন করতো বলে জানা গেছে। এ কারণে ওই ভুক্তভোগী তার দুই সহযোগীকে (সকলে কিশোরী) নিয়ে যুবককে হত্যার পরিকল্পনা করে।
একজন সিনিয়র পুলিশ অফিসার বলেছেন, ‘২৩ ডিসেম্বর রাতে ঘটনার বিষয়ে একটি তথ্য পাওয়ার পর আমরা ১৬ ও ১৭ বছর বয়সী তিন কিশোরীকে গ্রেপ্তার করেছি। তাদের ধরার জন্য একটি দল নিযুক্ত করা হয়েছিল। অভিযুক্তদের নিজামুদ্দিন বস্তি এলাকা থেকে গ্রেপ্তার করে দলটি।
তারা আজাদ নামে এক ব্যক্তিকে খুন করে লাশ খুসরো পার্কের কাছে রেখে দিয়েছে বলে স্বীকার করেছে। তাদের স্বীকারোক্তির পর পুলিশ কিশোরদের সঙ্গে ঘটনাস্থলে যায়। এরপর সেখানে গেলে একটি অর্ধ-দগ্ধ লাশ পাওয়া যায় বলে পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।
অভিযুক্তেদের ভাষ্য, তারা ২১ ডিসেম্বর রাতে লোকটিকে খুন করে এবং শুকনো ঘাস ও কাপড় দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করে। তারা প্রতিশোধ নেওয়ার জন্য খুন করেছে।