নৌকা মার্কায় ভোট দিলে বাংলাদেশের ভালো হবে: নসরুল হামিদ

ঢাকা-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী নসরুল হামিদ বলেছেন, আমাদের ভালো থাকতে হলে, আমাদেরই সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আমাদের কীসে ভালো হবে সেটা বিদেশিরা ঠিক করে দেবে না। তাই সিদ্ধান্ত নিন, ৭ জানুয়ারি সকাল থেকে ভোটকেন্দ্রে উপস্থিত থেকে ভোটাধিকার প্রয়োগ করুন।

সোমবার (২৫ ডিসেম্বর) জিনজিরা মডেল টাউনে আয়োজিত নির্বাচনী সুধী সমাবেশ এ কথা বলেন তিনি।

WhatsApp Image 2023-12-25 at 22.16.17_6691ccdc

নসরুল হামিদ বলেন, বাংলাদেশ যেমন অনেক সমস্যার দেশ ঠিক তেমনই সম্ভাবনার দেশ। গত ১৫ বছরে আমাদের দেশ অনেক উন্নতি করেছে। সামনে আবারও বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারলে আরও উন্নতি করবে। এমন একটা সময় ছিল বাংলাদেশকে কেউ চিনত না। এখন সবাই চেনে, সারা বিশ্ব এখন চিনে উন্নয়নের রোল মডেল হিসেবে। আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসলে বাংলাদেশ যেমন ভালো থাকবে, কেরানীগঞ্জবাসী আরও ভালো থাকবে।

এ সময় বিএনপির সমালোচনা করে তিনি বলেন, বিএনপির সময় বাংলাদেশ পরপর পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে। ক্রিকেট-ফুটবলে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। দুর্নীতির বরপুত্র বেগম জিয়ার ছেলে তারেক রহমান এরপর মুচলেকা দিয়ে লন্ডন গেছে। আবার বলে আন্দোলন করবে।

WhatsApp Image 2023-12-25 at 22.16.16_7baf946c

ঢাকা-৩ আসনের নৌকার এ মাঝি বলেন, ৭ জানুয়ারি সকাল সকাল গিয়ে ভোট দিবেন। এই দেওয়ার মানে আমরা সন্ত্রাসকে প্রশ্রয় দেব না। জামায়াত-বিএনপি জোটকে প্রশ্রয় দেব না কারণ তারা সন্ত্রাসী দল। ভোট দিয়ে আমরা তা প্রমাণ করব। শুধু কেরানীগঞ্জ না সারা বাংলাদেশ আজ ঐক্যবদ্ধ। জ্বালাও পোড়াও কেউ সমর্থন করে না। আমাদের ভালো থাকতে হলে আমাদেরই সিদ্ধান্ত নিতে হবে। আমাদের ভালো থাকা কখনো বিদেশিরা ঠিক করে দেবে না। তাই ৭ জানুয়ারি ঘরে বসে না থেকে সকাল থেকে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান নসরুল হামিদ। বিএনপি এখন আন্দোলনের নামে অগ্নিসন্ত্রাস চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ, সাধারণ সম্পাদক ম.ই মামুন, জিনজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাকুর হোসেন সাকসহ স্থানীয় সমাজের গণ্যমান্য ব্যক্তিরা।