সপ্তাহে এক দিন চলে ভাঙ্গুড়া সাবরেজিস্ট্রার অফিস

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় সাবরেজিস্ট্রার না থাকায় দলিল রেজিস্ট্রেশনে বিঘ্ন ঘটছে। একজন সাবরেজিস্ট্রারকে সপ্তাহের শেষ দুই কর্ম দিবসে (বুধবার ও বৃহস্পতিবার) ভাঙ্গুড়া উপজেলায় খন্ডকালীন দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়। কিন্তু তিনি এক দিনের বেশি অফিস করেন না। এতে ক্রেতা-বিক্রেতারা যথাসময়ে জমির রেজিস্ট্রেশন করতে না পারায় দুর্ভোগের শিকার হচ্ছেন।

জানা যায়, ভাঙ্গুড়া উপজেলার চৌবাড়িয়া গ্রামের মোছা. সালেহা খাতুন চিকিৎসার জন্য ও ভেড়ামারা গ্রামের আব্দুর রশিদ সাংসারিক প্রয়োজনে জমি বিক্রি করেছেন। কিন্তু সাবরেজিস্ট্রার না থাকায় তারা কেউ জমি রেজিস্ট্রি করতে পারেননি। এখানকার সাবরেজিস্ট্রার মাহবেবুর রহমান ওয়াজেদ বদলি হওয়ায় পদটি শূন্য হয়। জনস্বার্থে গত ১৩ নভেম্বর পাবনার জেলা রেজিস্ট্রার দ্বীপক কুমার সরকার স্বাক্ষরিত এক আদেশে পার্শ্ববর্তী চাটমোহর উপজেলার সাবরেজিস্ট্রার মো. মোদাচ্ছির হাসানকে সপ্তাহের শেষ দুই কর্ম দিবসে (বুধবার ও বৃহস্পতিবার) ভাঙ্গুড়া উপজেলায় খণ্ডকালীন দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়। তাকে আয়ন-ব্যয়ন কর্মকর্তা হিসাবেও দায়িত্ব পালনের ক্ষমতা প্রদান করা হয়। অথচ ঐ সাব-রেজিস্ট্রার গত সপ্তাহে ভাঙ্গুড়া অফিসে অনুপস্থিত ছিলেন বলে অভিযোগ উঠেছে। আদেশপ্রাপ্তির পর আগের সপ্তাহে কেবল তিনি একদিন অফিস করেন বলে দলিল লেখকরা জানান। এছাড়া খন্ডকালিন সাবরেজিস্ট্রাার সপ্তাহে বুধবার ছাড়া অন্য কর্মদিবসে ভাঙ্গুড়া কার্যালয়ে জমি রেজিস্ট্রেশন করতে পারবেন না বলে দলিল লেখকদের জানিয়েছেন। 

দলিল লেখক সমিতির সভাপতি মোকলেছুর রহমান বাচ্চু জানান, জনস্বার্থে ভাঙ্গুড়া রেজিস্ট্রি অফিসে একজন স্থায়ী সাবরেজিস্ট্রার পদায়ন প্রয়োজন। 

খণ্ডকালীন সাবরেজিস্ট্রার মো. মোদাচ্ছির হাসান বলেন, সপ্তাহে একদিন (বুধবার) তিনি ভাঙ্গুড়া রেজিস্ট্রি অফিসে দলিল নিবন্ধন করবেন। এ ব্যাপারে জেলা রেজিস্ট্রারকে অবহিত করা হয়েছে।