রাজধানীতে ‘শিক্ষায় সম্প্রীতির বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

রাজধানীতে ‘শিক্ষায় সম্প্রীতির বাংলাদেশ’ শিরোনামে এক আলোচনা সভা ও শিক্ষা বিষয়ক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাজধানীর উত্তরায় ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. আব্দুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ অধ্যাপক কাজী খলিকুজ্জমান, ফিকামলি তত্ত্বের জনক ও বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুল ওয়াদুদ, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. নাসিম আক্তার।

উদ্বোধনী বক্তব্যে ড. আব্দুল ওয়াদুদ বলেন, এ বছর ক্ষুদ্র নৃগোষ্ঠী শিশুদের মাঝে তাদের নিজস্ব পাঁচটি ভাষায় ১৫ লাখ বই বিতরণ করা হয়েছে। আরও ১৩টি ভাষায় বই প্রস্তুতের কাজ চলমান রয়েছে। বর্তমান সরকারের এ যুগান্তকারী সিদ্ধান্তে আদিবাসী শিশুদের ঝড়ে পড়ার হার প্রায় শূন্য শতাংশে নেমে এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন যুগান্তকারী সিদ্ধান্ত শিক্ষায় সম্প্রীতির বাংলাদেশকে বিশ্বের দরবারে শিক্ষাক্ষেত্রে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

01-12-23-Kaptan Bazar-31

ড. ওয়াদুদ আরও বলেন, ভোট দেওয়া বা না দেওয়া মানুষের গণতান্ত্রিক অধিকার। কিন্তু ভোটে যারা বাধা সৃষ্টি করে তারা সন্ত্রাসী ও দুষ্কৃতকারী। তাদের থেকে আমাদের সতর্ক থাকতে হবে ও প্রতিহত করতে হবে। জননেত্রী শেখ হাসিনার রাষ্ট্র ক্ষমতায় আছেন বলেই আমাদের দেশের এত উন্নয়ন ও অগ্রগতি। বর্তমান সরকারের চালমান উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখতে ও বিশ্বের দরবারে বাংলাদেশের সম্মানজনক শক্ত অবস্থান তুলে ধরতে বর্তমান প্রধানমন্ত্রীকে পুনঃনির্বাচিত করা সময়ের এখন অতিপ্রয়োজনীয় দাবি।

নিজের লেখা স্লোগান উচ্চারণ করে মনোবিজ্ঞান গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক আব্দুল ওয়াদুদ আরও বলেন, ‘বঙ্গবন্ধু মানে স্বাধীন দেশ, শেখ হাসিনা মানে স্মার্ট বাংলাদেশ, নৌকা মানে শক্তি, জনগণের মুক্তি’।

আলোচনা শেষে ফুজিত বাবুর আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়। আমন্ত্রিত অতিথিরা প্রদর্শনী ঘুরে দেখেন। প্রদর্শনী আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।