আইন সবার জন্যই সমান। সংবিধান সকল নাগরিককে সমান অধিকার দিয়েছে। রাষ্ট্র পরিচালিত হয় সে সংবিধানের বিধান মেনেই। কিন্তু দুর্ভাগ্যজনক বাস্তবতা হচ্ছে অনেকে জানেও না তার সাংবিধানিক অধিকার কী? অনেকে জানেও না কোন অপরাধের প্রতিকার কার কাছে চাওয়া যায়, কোথায় চাওয়া যায়, কীভাবে চাওয়া যায়? সাধারণ মানুষদের অনেকে এখনো জিডি (সাধারণ ডায়েরি) বা মামলার পার্থক্য বুঝে না। অনেকে বিচার চাইতে থানায় যেতে ভয় পায়। এর কারণ আইন সম্পর্কে মোটামুটি ধারণা না থাকা।
আইনকে সবার কাছে সহজ করতে ‘লিগ্যাল রাইটসে’ আইনি অধিকার নিয়ে কাজ করছেন সত্যজিৎ চক্রবর্ত্তী। তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম প্রতিষ্ঠাতা। বিভিন্ন আইনজীবী, আইন বিশেষজ্ঞ এবং পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন সহযোগিতা নিয়ে তিনি আইনের বিভিন্ন খুঁটিনাটি বিষয় সহজভাবে সাধারণ জনগণের মাঝে উপস্থাপন করছেন।
আইন ও অধিকার নিয়ে তিনি অনলাইন শো করেছেন যেখানে উপস্থিত ছিলেন অতিরক্তি পুলিশ সুপার মান্না দে এবং চট্টগ্রাম জজ কোর্টের এজিপি ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আজিজুর রশিদ রাসেল, সাব ইন্সপেক্টর খাজা এনাম এলাহী সহ অন্যরা এবং এতে কারিগরি দিকগুলো দেখাশুনা করেন প্রশান্ত দে। এ ছাড়া চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট রাহিলা চৌধুরী রেখাও এই লিগ্যাল রাইটস কার্যক্রমে শুরু থেকে সাধুবাদ জানিয়েছেন।
আইনকে সবার সামনে সহজ করে তুলে ধরতে অনলাইন শো’র পাশাপাশি তারা আইনি সেবাও দিচ্ছেন অনলাইনে। নারী নির্যাতন, ভূমি দখলজনিত সমস্যাসহ নানাবিধ সমস্যা নিয়ে ইতোমধ্যে লিগ্যাল রাইটসে রেজিস্ট্রেশন করে ঘরে বসে অভিজ্ঞ আইনজীবীদের কাছে থেকে অনলাইনে আইনিসেবাও নিয়েছেন অনেক ভুক্তভোগী। তারাও সন্তুষ্ট ঘরে বসে অভিজ্ঞ আইনজীবীদের কাছ থেকে আইনিসেবা পেয়ে।
এমন উদ্যোগের কারণ কী জানতে চাইলে লিগ্যাল রাইটসের অন্যতম প্রতিষ্ঠাতা সত্যজিৎ চক্রবর্ত্তী জানান, ‘আইনকে যতবেশি সহজভাবে মানুষের মাঝে তুলে ধরা যাবে, মানুষ তত সচেতন হবে এবং অপরাধপ্রবণতাও কমবে। এ ছাড়া লিগ্যাল রাইটস অনলাইনে আইনী সেবা দিয়ে যাচ্ছে যাতে করে মানুষ ঘরে বসে তার প্রয়োজনীয় সহযোগিতা পায় এবং আমাদের অফিশিয়াল ফেসবুক পেইজে প্রচুর আর্টিকেল আছে, যেখানে সাধারণ জনগণের বিভিন্ন আইন বিষয়ক প্রশ্ন ও সমস্যাকে বিশ্লেষণ করে অভিজ্ঞ আইনজীবীরা পরামর্শ দিচ্ছেন।’
এ ছাড়া তিনি অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে’র প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন সার্বিক সহযোগিতার জন্য। স্কুল পর্যায়ে শিশুদের আইনের সহজপাঠ নিয়ে বিভিন্ন উদ্যোগের কথাও জানান তিনি। মাসিক আইন সেমিনার, অনলাইন আইনিসেবা, অপরাধের আইনগত দিক বিশ্লেষণ ও প্রতিকার নিয়ে ফেসবুক পেইজে অভিজ্ঞদের আর্টিকেল এবং ল জার্নাল প্রকাশসহ নানা উদ্যোগ নিয়ে দেশের বিভিন্ন ইউনিয়ন ও থানা পর্যায়ে সকলস্তরের মানুষকে আইন জানানোর এই কার্যক্রম নিয়ে এগিয়ে যাচ্ছে লিগ্যাল রাইটস।