নিয়মরক্ষার ম্যাচে জয় পেল শ্রীলঙ্কা

গুরুত্বহীন ম্যাচে জয় পেল শ্রীলঙ্কা। আট পয়েন্ট নিয়ে শ্রীঙ্কাকা পয়েন্ট টেবিলের ছয় নম্বরে উঠে এলেও তাদের সেমির স্বপ্ন আগেই শেষ হয়ে গেছে। সর্বশেষ ভারতের সঙ্গে নিয়মরক্ষার ম্যাচে লড়বে তারা। আর ওয়েস্ট ইন্ডিজের সেমিফাইনালের স্বপ্ন শেষ হয়ে গেছে অনেক আগেই। ম্যাচটি গুরুত্বহীন হলেও দুই দলের ব্যাটসম্যানদের আগ্রাসী ব্যাটিং সমর্থকদের মুগ্ধ করেছে। শ্রীঙ্কাকার দেয়া ৩৩৯ রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ থেমেছে ৩১৫ রানে। এক সময় জয় হাতের মুঠোয় এলেও নিকোলাস পুরানের আউটে তাদের স্বপ্ন ভঙ্গ হয়। শ্রীলঙ্কার কাছে ২৩ রানে পরাজিত হয় দলটি। এর আগে প্রথমে ব্যাট করে অভিষ্কা ফার্নান্দোর সেঞ্চুরিতে শ্রীলঙ্কা ছয় উইকেটে ৩৩৯ রান তোলে। অভিষ্কা ১০৩ বলে করেন ১০৪ রান। তিনি দুই ছক্কা ও ৯ বাউন্ডারিতে সেঞ্চুরি হাঁকান।


শ্রীলঙ্কার বড়ো সংগ্রহে এছাড়াও অবদান ছিল ওপেনার কুশল পেরেরা ও লাহিরু থিরিমান্নের। পেরেরা ৬৪ ও থিরিমান্নে অপরাজিত ৪৫ রান করেন। পেরেরার ৫১ বলের ইনিংসে ছিল আট বাউন্ডারির মার। অপরদিকে নিকোলাস পুরানের শত রানের ইনিংসের ওপর ভর করে ওয়েস্ট ইন্ডিজ করে ৩১৫ রান। হারায় ৯টি উইকেট। গতকাল ইংল্যান্ডের ডারহ্যামের দ্য রিভারসাইডে অনুষ্ঠিত খেলাটিতে ক্রিস গেইলের দামি উইকেটটি নেন পেসার রাজিথা। ক্যারিবীয় এই ওপেনার ৪৮ বলে দুই ছক্কা ও এক বাউন্ডারির মারে ৩৫ রান তোলার পরই বিদায় নেন। সব মিলিয়ে বিশ্বকাপটি বাজেই কাটছে মারকাটারি এই ব্যাটসম্যানের।

ইত্তেফাক/এএম