বেশ কিছুদিন ধরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক প্যানেল নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। তা আরও বৃদ্ধি পায় বিশ্বকাপে দলের ভরাডুবির পর। সেই হাওয়াতেই গা ভাসিয়ে গেল ১৬ ডিসেম্বর বিজয় দিবসে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত হয়ে বোর্ড সভাপতি আভাস দেন পরিবর্তন আসতে পারে নির্বাচক প্যানেলে। তবে নিশ্চিত করে সেসময় কিছু জানাননি তিনি। এছাড়া এরপর আর কিছু শোনা যায়নি।
বর্তমান প্যানেলের মেয়াদও শেষ হচ্ছে আগামী ৩১ ডিসেম্বর। তাহলে কি আসলেও পরিবর্তন আসতে যাচ্ছে, নাকি নান্নু-বাশার-রাজ্জাক প্যানেলই থাকছেন—এ নিয়ে জেগেছে চারদিকে কৌতূহল। মঙ্গলবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে টাইগার প্রধান নির্বাচক জানান, ‘আমাদের এখন পর্যন্ত বোর্ড থেক পদ ছেড়ে দেওয়া কিংবা সরে যাওয়া নিয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। চুক্তি অনুযায়ী তারা বছরের শেষ দিন পর্যন্ত কাজ করবেন।’
প্রায় একযুগ হতে চলল নির্বাচক প্যানেলে আছেন প্রধান নির্বাচক নান্নু ও হাবিবুল বাশার সুমন। ২০১১ সাল থেকে নির্বাচক প্যানেলে আছেন দুজনে। এছাড়া এই প্যানেলের অপর একজন হলেন সাবেক স্পিন বোলার আব্দুর রাজ্জাক, তিনি ২০২১ সালে এই কমিটিতি যুক্ত হন। দীর্ঘদিন নির্বাচকের দায়িত্ব পালনের পর এবার এই প্যানেলে পরিবর্তন আসছে কি না, জানতে চাইলে গতকাল মোহাম্মদপুরে নিজের বাসার নিচে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নান্নু বলেন, ‘আজকে দশ বছর ধরে আমরা কাজ করছি, এভাবেই যাচ্ছে। কোনো সময় কিন্তু বোর্ড বলেনি যে চুক্তি শেষ বা এইটা। আমরা কাজ করে যাচ্ছি, বোর্ড যদি মনে করে... কিন্তু বোর্ড মিটিং ছাড়া সিদ্ধান্ত নিতে পারে না; সুতরাং তখনই সিদ্ধান্ত জানা যাবে। কয়েক বছর এমনও গেছে যে চুক্তি নাই, এক বছর কাজ করার পর চুক্তি স্বাক্ষর হয়েছে। আমাদের ৩১ ডিসেম্বর পর্যন্ত চুক্তি আছে, এটা বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচক প্যানেল রাখবে কি রাখবে না।’
নির্বাচকের দায়িত্বে না থাকলে কী করবেন নান্নু? এমন প্রশ্নও আসছে। এর মধ্যে শোনা যাচ্ছে, ম্যাচ রেফারি হওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। তবে এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন নান্নু। ইঙ্গিত দিয়েছেন কোচিংয়ে জড়ানোরও। এ প্রসঙ্গে প্রধান নির্বাচক বলেন, ‘এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। এটা তো কেউ আমাকে জোর করে চাপিয়ে দিতে পারে না। আমি নির্বাচকের আগে কোয়ালিফাইড লেভেল থ্রি কোচ। আমার তো ওদিক দিয়েও চিন্তাভাবনা আছে। খেলা ছাড়ার পর ক্রিকেটের সঙ্গে সময় কাটিয়েছি। বাকি জীবনটা তো ক্রিকেটের সঙ্গেই থাকব। আমি কী করব—এটার সিদ্ধান্ত তো আমি নেব।’
ক্রিকেটের সঙ্গেই অঙ্গাঅঙ্গিভাবে জড়িত মিনহাজুল আবেদীন নান্নু। একসময় খেলেছেন জাতীয় দলে দায়িত্ব পালন করেছেন অধিনায়ক হিসেবেও। এরপর দীর্ঘদিন ধরে নির্বাচক পদে তিনি। মধ্য দিয়ে কোচিং দায়িত্বেও তাকে দেখা গেছে কয়েক বার। তাই এবার যদি প্রধান নির্বাচক পদ থেকে সড়ানো হয় তাকে তাহলে পরবর্তীকালে তাকে কোন ভূমিকায় দেখতে পাওয়া যাবে—এমনটি জানতে চাইলে নান্নু বলেন, ‘ওটার পরিকল্পনা আমি তখন করব। বোর্ড তো এখনো আমাকে কিছু জানায়নি। মাননীয় বোর্ড সভাপতি যখন জানাবে আর কনটিনিউ করছি না। তখন আমার সিদ্ধান্ত নেব কী করব। আমাকে তো কিছু করতে হবে। ক্রিকেট দিয়েই তো সারা জীবন পার করে দিয়েছি। যে কয়দিন বাঁচব কিছু তো করতে হবে। ক্রিকেটের সঙ্গেই থাকব।’