রিটের শুনানিতে হাইকোর্ট

কেউ নিখোঁজ হলে তাকে খুঁজে বের করার দায়িত্ব রাষ্ট্রের

কোনো নাগরিক নিখোঁজ হলে তাকে খুঁজে বের করার দায়িত্ব রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। বগুড়ায় নিখোঁজ হওয়া দুই বিএনপি নেতার সন্ধান চেয়ে করা রিটের শুনানিতে আজ বুধবার বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। সঙ্গে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুল ইসলাম সিদ্দিকী, সহকারী অ্যাটর্নি জেনারেল মো. সাইফুল আলম ও তাহমিনা পলি।

এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবীদের উদ্দেশে আদালত বলেন, মানুষের জীবন অত্যন্ত মূল্যবান। এক ঘণ্টাও মানুষের জীবনের জন্য গুরুত্বপূর্ণ। সন্তান হারানোর ব্যথা কত কষ্টের, তা পরিবারই জানে।

পরে বিএনপি নেতা দেলোয়ার হোসেন ও আনোয়ার হোসেন কোথায় কী অবস্থায় আছেন তা জানাতে নির্দেশ দেন আদালত। এ বিষয়ে আগামী ৪ জানুয়ারি প্রতিবেদন দাখিল করতে পুলিশের আইজিকে বলা হয়েছে। একইসঙ্গে নিখোঁজ ওই দুজনকে আদালতে হাজির করতে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।