ফেনী শহরের মাস্টারপাড়ায় একটি সাততলাবিশিষ্ট ভবনের ছয়তলার বারান্দা থেকে পড়ে গিয়ে সায়ান সাইফুল (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। খেলতে খেলতে বাসার বারান্দা থেকে পড়ে গিয়ে ওই শিশুর মৃত্যু হয়।
বুধবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় মাস্টারপাড়ার করিম উল্যাহ আজাদের ভবনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ফেনী সেন্ট্রাল হাই স্কুলের শিক্ষক সাইফুল ইসলাম শামীম স্ত্রী ও দুই সন্তান নিয়ে ওই ভবনের ছয়তলায় ভাড়া থাকেন। বুধবার সন্ধ্যায় তাদের বড় সন্তান সায়ান সাইফুল বাসার বারান্দায় বল খেলছিল। খেলার সময় বল নিচে পড়ে যায়। তখন বল দেখতে সে বারান্দার ইমার্জেন্সি এক্সিট গ্রিল খোলে। বল দেখতে গিয়ে ওই শিশু নিচে পড়ে যায়।
স্থানীয় কাউন্সিলর আশরাফুল আলম গিটার বলেন, ‘ইমার্জেন্সি এক্সিট গ্রিল দিয়ে ওই শিশু নিচে পড়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুই ভাইবোনের মধ্যে সায়ান সাইফুল জ্যেষ্ঠতম ছিল।’
ফেনী মডেল থানা পুলিশের ওসি মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন, ‘সন্ধ্যার দিকে সাততলাবিশিষ্ট ভবনের ছয়তলা থেকে নিচে পড়ে গিয়ে ওই শিশুর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’