টিয়ার শেল নিক্ষেপ করে সরকারি ভবন থেকে বিক্ষোভকারীদের উচ্ছেদ

হংকংয়ে পুলিশের বাঁধা উপেক্ষা করে আইন পরিষদ ভবনে ভাঙচুরের পর অবস্থান নেওয়ার কয়েক ঘণ্টা পর হাজার হাজার বিক্ষোভকারীদের সেখান থেকে বের করে দিয়েছে পুলিশ। মঙ্গলবার মধ্যরাতে দিকে কয়েকশ' পুলিশ সদস্য বিক্ষোভকারীদের ভবন ত্যাগের জন্য হুঁশিয়ারি দেয়। এরপরই টিয়ার শেল নিক্ষেপ করে ভবন থেকে তাদের বের করে দেওয়া হয়। খবর বিবিসি'র।

এর আগে,  সোমবার হংকং'কে চীনের কাছে হস্তান্তরের বার্ষিকী পালন উপলক্ষে গণতন্ত্রপন্থী বিশাল এক সমাবেশের আয়োজন করা হয়। এ সময় হংকংয়ের বেইজিংপন্থী নেতাদের সহযোগিতায় এখানকার স্বাধীনতা ও সংস্কৃতির ওপর চীনের নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে শহরের বিভিন্ন রাস্তা দখল করে লক্ষাধিক বিক্ষোভকারী। তাদের অধিকাংশই যুবক ও মুখোশ পরা ছিল। আধা-স্বায়ত্তশাসিত এ নগরীতে বিগত তিন সপ্তাহ ধরে ব্যাপক বিক্ষোভ চালাচ্ছে তারা। এসব বিক্ষোভ থেকে হংকং'কে চীনের মূল ভূখণ্ডের সঙ্গে একীভূত করার সুযোগ দেবে এমন আইন প্রত্যাহারের দাবি জানানো হচ্ছে।

নগরীর অ্যাডমিরাল্টি ও ওয়ানচাই এলাকার রাস্তা দখল করে থাকা এসব বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে দাঙ্গা পুলিশ অভিযান চালায়। তাদের ছত্রভঙ্গ করতে মরিচের গুঁড়ো ছিটায় এবং ব্যাপক লাঠিচার্জ করে। এ সময় পুলিশের মাথায় হেলমেট ও হাতে ঢাল ছিল। পরে পুলিশের প্রতিরোধ ভেঙে আইন পরিষদ ভবনে ভাঙচুর করে  ঢুকে পড়ে হাজার হাজার বিক্ষোভকারী।

আরও পড়ুন:  জম্মু-কাশ্মীরে বাস দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫

এএফপি'র এক প্রতিবেদক ঘটনাস্থল থেকে জানান, হস্তান্তর বার্ষিকী পালন উপলক্ষে পতাকা উত্তোলন অনুষ্ঠানের অল্প সময় আগে পুলিশ রাস্তা অবরোধ করে থাকা বিক্ষোভকারীদের ওপর চড়াও হয়। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে গেলে এক নারী বিক্ষোভকারী আহত হয়। পুলিশের লাঠির আঘাতে আহত ওই নারীর মাথা থেকে রক্ত ঝরতে দেখা যায়।

উল্লেখ্য, ১৯৯৭ সালের ১ জুলাই হংকং ব্রিটেনের হাত থেকে চীনা শাসনে ফিরে গেলেও একটি বিশেষ বন্দোবস্তের আওতায় নগরীটি এখনো পৃথকভাবে পরিচালিত হচ্ছে। এটি ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নামে পরিচিত।

ইত্তেফাক/জেডএইচডি