৫-৮ জানুয়ারি বন্ধ থাকবে মোটরসাইকেল চলাচল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পাঁচ ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। এর মধ্যে ভোটের দিন বন্ধ থাকবে ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল। আর চার দিন বন্ধ থাকবে মোটরসাইকেল চলাচল।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এক প্রজ্ঞাপনে রোববার (৩১ ডিসেম্বর) বিষয়টি জানানো হয়েছে। এতে কোন কোন ক্ষেত্রে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা শিথিল থাকবে, তাও জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ৬ জানুয়ারি মধ্যরাত থেকে ৭ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে।

মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে ৫ জানুয়ারি মধ্যরাত থেকে ৮ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত। 

সড়ক বিভাগের প্রজ্ঞাপনে নিষেধাজ্ঞাভুক্ত যানবাহন চলাচল বন্ধ অথবা শিথিলের বিষয়ে জেলা ম্যাজিস্ট্রেট অথবা মহানগর পুলিশ কমিশনারকে ক্ষমতা দেওয়া হয়েছে।