‘দেশের উন্নয়ন অব্যাহত রাখতে যুবসমাজকে নতুন বছরে শপথ নিতে হবে’

দেশের উন্নয়ন-অগ্রগতির চলমান ধারা আগামীতেও অব্যাহত রাখার ক্ষেত্রে ভূমিকা রাখার জন্য ইংরেজি নতুন বছর ২০২৪ সালেও যুবসমাজকে শপথ নিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় যুবসংহতির কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেল। ২০২৪ সালকে স্বাগত এবং দেশবাসী ও সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মী-সমর্থকদের শুভেচ্ছা জানিয়ে গতকাল রবিবার এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।

অ্যাডভোকেট রুবেল বলেন, পিছনের সকল হতাশা, ব্যর্থতা ও গ্লানি দূর হোক-নতুন বছরে এটাই আমাদের প্রত্যাশা। ২০২৪ সাল আমাদের জাতীয় জীবনে বয়ে আনুক শান্তির বার্তা। নতুন বছরটি হোক শান্তির, সমৃদ্ধির ও কল্যাণের। হিংসা-বিদ্বেষ-হানাহানির বদলে সমাজে গড়ে উঠুক সৌহার্দ্য। নতুন বছরে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে- এমন আশা ব্যক্ত করে তিনি বলেন, আমাদের প্রত্যাশা নতুন বছরটি জাতীয় অর্থনীতিতে সুবাতাস বয়ে আনবে, সৃষ্টি হবে নতুন নতুন কর্মসংস্থান। শিক্ষিত যুবকরা বেকার থাকবেন না, দেশের একজন নাগরিকও শিক্ষা-স্বাস্থ্য-বাসস্থানের মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত হবেন না; নিত্যপণ্যের মূল্য সাধারণ্যের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে, বাংলাদেশ সামনে এগিয়ে যাবে- ২০২৪ সালে এটাই আমাদের কামনা।