জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান ও পিরোজপুর-২ আসনে ১৪ দলীয় জোটের নৌকা মার্কার প্রার্থী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে। সচেতন মানবগোষ্ঠীই পারে তাদের অধিকার প্রতিষ্ঠায় সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে। দেশের উন্নয়ন, গণতন্ত্র, স্থিতিশীলতা তথা মানুষের জীবনমানের সমৃদ্ধির জন্য আসন্ন নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। শেখ হাসিনার নৌকায় ভোট দিয়ে এই সিদ্ধান্ত কার্যকর করা প্রয়োজন।
সোমবার (১ জানুয়ারি) রাতে ভান্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নে নৌকা মার্কার পক্ষে এক নির্বাচনী পথসভায় তিনি এ কথা বলেন।
আনোয়ার হোসেন মঞ্জু বলেন, যারা উন্নয়নের অর্থ আত্মসাৎ করে গ্রামের মানুষকে ভয়ভীতির মাধ্যমে কথা বলতে দেয় না। এলাকায় সন্ত্রাস করে তাদের প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। এলাকায় আমরা যে নানা অবকাঠামোগত উন্নয়ন করেছি তা নিষ্ফল হয়ে যাবে যদি মানুষ সম্মানের সঙ্গে স্বাধীন পরিবেশে বাঁচতে না পারে। আমরা পাকিস্তানি জুলুম, অত্যাচার, শোষণের বিরুদ্ধে লড়াই করে বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন করেছি। সেই স্বাধীন দেশে যদি এলাকা বিশেষে মানুষ সন্ত্রাসীদের কাছে কালো টাকা মালিকদের কাছে, মাদক ব্যবসায়ীদের কাছে জিম্মি থাকে, বন্দি থাকে তাহলে স্বাধীনতার সুফল পাওয়া যাবে না।
তিনি বলেন, আসন্ন নির্বাচনের মধ্যদিয়ে এই মানুষের কথা বলার অধিকার, মুক্তভাবে চলাফেরার অধিকার নিশ্চিত করতে হবে। মিথ্যা মামলা দিয়ে যারা জনগণকে পদানত রাখতে চায় তাদেরকে মুক্ত করার জন্য আসন্ন নির্বাচনকে আমরা কাজে লাগাতে চাই। পাশাপাশি কাউখালী-ভান্ডারিয়া-স্বরূপকাঠি অঞ্চলের বাসিন্দাদের উন্নয়নের সকল স্বাদ পৌঁছে দেওয়া আমাদের উদ্দেশ্য। অতীতে যেভাবে অবহেলিত দক্ষিণাঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে ব্যাপৃত ছিলাম আগামীতেও একইভাবে সচেষ্ট থাকবো।
জেপি চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের নৌকা মার্কার সুযোগ দিয়েছেন তার পাশে থাকার জন্য। অতীতে বঙ্গবন্ধুর নির্দেশে রাজনৈতিক সংগ্রাম করেছি, শেখ হাসিনার সঙ্গে ১০ বছর মন্ত্রীত্ব করেছি, ৭ বার সংসদ সদস্য থেকে, ৫ বার মন্ত্রিসভায় থেকে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে নিজেদের সক্ষমতা, দক্ষতা তথা অভিজ্ঞতাকে কাজে লাগিয়েছি তা অব্যাহত রাখতে চাই। এই উদ্দেশ্যে আবারও নির্বাচনে প্রার্থী হয়েছি, নৌকায় ভোট দিলে শেখ হাসিনা সেই ভোট পাবেন এবং আবারও প্রধানমন্ত্রী হবেন।
আনোয়ার হোসেন মঞ্জু সোমবার ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ও ইকড়ি ইউনিয়নে নৌকা মার্কার জন্য নির্বাচনী গণসংযোগ করেন। ইকড়ি বাসস্ট্যান্ডে নির্বাচনী পথসভায় ইউনিয়ন জাতীয় পার্টি-জেপি’র সভাপতি সাবেক সেনা সদস্য আব্দুর রব হাওলাদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জেপি’র সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুল হক জোমাদ্দার, জেপি’র উপজেলা নির্বাহী সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, সিনিয়র সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, জেপি’র কেন্দ্রীয় প্রচার সম্পাদক জীবন কৃষ্ণ বৈরাগী, খুলনা মহানগরী জেপি’র সভাপতি মো. হায়দার আলী, স্থানীয় আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান আবু, ওয়ার্কার্স পার্টির উপজেলা সভাপতি আবুল কালাম হাওলাদার, আওয়ামী লীগ নেতা মাঈদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা খোকন সিকদার, যুবলীগ নেতা হুমায়ুন কবির প্রমুখ।