দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলো ব্যস্ত রয়েছে নিজ নিজ প্রচারণায়। মূল রাজনৈতিক দল ব্যতীত দলের অন্যান্য অঙ্গসংগঠন, সম মতাদর্শের সাংস্কৃতিক সংগঠন, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী প্রত্যেকেই এখন ব্যস্ত নিজ দলের প্রচারণায়। তবে শরীয়তপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণায় সবচেয়ে সুসংগঠিতভাবে কাজ করছে একঝাঁক তরুণ যার নেতৃত্বে রয়েছে শরীয়তপুর-১ আসনের আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী বর্তমান সাংসদ ইকবাল হোসেন অপুর একমাত্র পুত্র দানিব বিন ইকবাল (আদর)।
রাজনৈতিক পরিবারের সন্তান দানিব বিন ইকবাল তাই তরুণ বয়সেই রাজনীতিটা ভালোভাবে আয়ত্ত করে নিয়েছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন তার বাবা বর্তমান সাংসদ ইকবাল হোসেন অপু। আর এই নির্বাচনে বাবার প্রচারণায় ব্যস্ত রয়েছেন তিনি। কখনো মাইক্রোফোন হাতে পথ সভায় বক্তৃতা দিচ্ছেন, আবার কখনো বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে দোয়া ও ভোট চাইছেন।
বাবাকে বিজয়ী করার লক্ষ্যে দিন-রাত পরিশ্রম করছেন দানিব বিন ইকবাল। নির্বাচনী এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন তিনি। বাবার পক্ষ থেকে ভোট চাইছেন। বাবাকে নির্বাচনে জয়ী করতে তার প্রাণান্তকর চেষ্টা অনেকের নজর কেড়েছে। তার সরব উপস্থিতি ভোটের উৎসবে বিভিন্ন বয়সের নারী-পুরুষের কাছে ভিন্ন এক আনন্দের উপলক্ষ তৈরি করেছে। সকাল থেকে রাত পর্যন্ত এলাকার ঘরে ঘরে গিয়ে ভোট চাচ্ছেন, উঠান বৈঠক, পথসভা ও মিছিল-মিটিং করছেন।
সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর পুত্র দানিব বিন ইকবাল বলেন, আমার বাবার দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের জন্য কাজ করে গেছেন এবং তৃণমূলের সাধারণ মানুষের সাথে মিশেছেন, আমি যখন ভোটের প্রচারে যাই তখন আমার বাবার প্রতি সাধারণ মানুষের ভালবাসা দেখে আরও উৎসাহ উদ্দীপনা পাই। আমরা সারাজীবন সাধারণ মানুষের ভালবাসা নিয়ে বেঁচে থাকতে চাই।
এদিকে, এলাকার মানুষও তাকে কাছে পেয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে কাজ করছেন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন যাতে মানুষের এই ভালোবাসার মূল্য দিতে পারেন।