আসন্ন নির্বাচনের সুষ্ঠু এবং আইনশৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার স্বার্থে চট্টগ্রাম মেট্রোপলিটান পুলিশ নগরী জুড়ে গতকাল সোমবার থেকে রোবাস্ট পেট্রলিং কার্যক্রম পরিচালনা শুরু করেছে।
গতকাল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কৃষ্ণপদ রায় এক প্রেসব্রিফিংয়ে বলেন, ‘নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে যেন সম্পন্ন হয়, সেজন্য আমাদের প্রস্তুতি চলছে। ইতিমধ্যে মহানগরীতে অপরাধ দমনে রোবাস্ট পেট্রোলিং পরিচালনা শুরু হয়েছে। এই কার্যক্রমে আমাদের সঙ্গে আর্মড পুলিশ ব্যাটালিয়ন যুক্ত হয়েছে। বিভিন্ন স্থানে স্থায়ী ও অস্থায়ীভাবে চেকপোস্ট বসানো হয়েছে।’
তিনি বলেন, ‘নগরীর ৬০৭টি কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেগুলো সম্পর্কে আমাদের বিভিন্ন সময়ে পর্যালোচনা হয়েছে। সরেজমিনে আমাদের কর্মকর্তারা কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন। আমরা একবার চূড়ান্তভাবে কেন্দ্রগুলোর অবস্থান এবং কোন কেন্দ্রে কী ধরনের নিরাপত্তাব্যবস্থা নিতে হবে, তার সর্বশেষ পর্যালোচনা করতে মাঠে নেমেছি।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গতকাল নগরীর বিভিন্ন নির্বাচনি ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন শেষে নগরীর জামালখান ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এক ব্রিফিংয়ে সিএমপি কমিশনার ওপরের কথাগুলো বলেন।