পাকিস্তানে পিটিআইয়ের ৯৫ শতাংশ প্রার্থীর মনোনয়ন বাতিল

আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের সাধারণ নির্বাচন। তবে নির্বাচনে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। শুধু তাই নয়, ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) অধিকাংশ নেতার মনোনয়নপত্রই বাতিল করা হয়েছে বলে অভিযোগ। সব মিলিয়ে ইমরান খানের দলের ৯০ থেকে ৯৫ শতাংশ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

তোষাখানা দুর্নীতিসহ একাধিক দুর্নীতি মামলায় গত আগস্ট থেকে জেলে ইমরান খান। সাবেক ক্রিকেট তারকাকে দোষী সাব্যস্ত করে আদালত। পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) দোষী সাব্যস্ত হওয়ার কারণে তাকে পদ থেকে অযোগ্য ঘোষণা করেছে। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ গত সপ্তাহে ইমরান খানের জন্য মনোনয়নপত্র জমা দেয়। তবে সেই মনোনয়নপত্র বাতিল করে দেয় নির্বাচন কমিশন। ইমরান খানসহ পিটিআইয়ের প্রায় সব জাতীয় ও প্রাদেশিক নেতাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

পিটিআইয়ের মুখপাত্র রওফ হাসান বলেন, আমাদের ৯০ থেকে ৯৫ শতাংশ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তিনি জানিয়েছেন, তাদের দল যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সেই কারণেই তাদের বাধা দিতে একটি এজেন্ডার অংশ হিসাবে তাদের প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, কোনো অবস্থাতেই পিটিআই রাজনৈতিক মাঠ ছাড়বে না এবং নির্বাচন বয়কট করবে না।

নির্বাচন কমিশনের একজন কর্মকর্তাও নিশ্চিত করেছেন বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ইমরান খানসহ তার দলের একাধিক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষক হাসান আসকারি জানান, একটি দলের বিরুদ্ধে এই ধরনের ব্যাপক পদক্ষেপ পাকিস্তানে নজিরবিহীন। তিনি বলেন, ‘দেশের ইতিহাসে এই প্রথম কোনো রাজনৈতিক দল নির্বাচনের আগেও এত বড় পরিসরে নির্বাচনি প্রক্রিয়া থেকে বাদ পড়েছে।’ তিনি আরও জানান, ক্ষমতায় থাকা রাজনৈতিক দল যে কোনোভাবে ইমরান খানের দলকে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে দূরে রাখতে চায়ছে।

উল্লেখ্য, আগামী ২৩ জানুয়ারি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করার কথা রয়েছে। পিটিআইয়ের মুখপাত্র হাসান বলেছেন, আমরা নির্বাচনি লড়াই থেকে পিছু হটব না। প্রতিটি নির্বাচনি এলাকায় এই সমস্ত সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করব। আমরা সমস্ত সাংবিধানিক, আইনি এবং রাজনৈতিক বিকল্পগুলো ব্যবহার করব।