চরবাসীর কাছে ঈগল প্রতীকে ভোট চাইলেন নিক্সন চৌধুরী

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নে চরবাসীর নিকট ঈগল প্রতীকে ভোট চাইলেন ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন। তিনি এ আসনের বর্তমান সংসদ সদস্য।

মঙ্গলবার (২ জানুয়ারি) বিকাল ৫টার দিকে উপজেলার চর সালেপুর আমিনখাঁর হাট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উঠান করেন তিনি।

বৈঠকে নিক্সন চৌধুরী বলেন, আপনাদের দুঃখ-দুর্দশা স্বচক্ষে দেখার জন্য আমি চরে তাঁবু টাঙ্গিয়ে রাত কাটিয়েছি। করোনা মহামারিতে আপনাদের পাশে যখন কেউ ছিল না আমি জীবন বাজি রেখে সাধ্যমত সাহায্য সহযোগিতা নিয়ে আপনাদের পাশে দাঁড়িয়েছি। চরভদ্রাসন উপজেলার প্রধান সমস্যা ছিল নদীভাঙন থেকে রক্ষা পাওয়া। ৩০০ কোটি টাকা ব্যয়ে চরভদ্রাসনের নদীভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ করেছি। স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, প্রশাসনিক ভবন, রাস্তাঘাটসহ সর্বত্রই উন্নয়ন করেছি। 

1

তিনি বলেন, করোনা মহামারিতে মানুষ যেখানে ঘর থেকে বের হয় নাই। হাসপাতালে লাশ ফেলে পালিয়েছে স্বজনেরা সেই সময়ে জীবনের ঝুঁকি নিয়ে সাধ্যমত আপনাদের পাশে দাড়িয়েছিলাম। আমি আপনাদের ওয়াদা দিয়ে ছিলাম চরে বিদ্যুৎ এনে দেব। আপনাদের দুর্গম চরাঞ্চলে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুৎ এসে আলোকিত করেছে চরাঞ্চল। আপনারা এখন বৈদ্যুতিক পাখার বাতাস খান। আপনাদের ছেলে-মেয়েরা বিদ্যুতের আলোয় লেখাপড়া করে। আমি যেহেতু আপনাদের উন্নয়ন এনে দিয়েছি তাই আপনাদের কাছে সবার আগে ভোট পাওয়ার অধিকার আমার।

1619373661

নিক্সন চৌধুরী বলেন, এই অঞ্চলে স্কুল, রাস্তাঘাট ও মসজিদ মাদ্রাসা সকল সেক্টরে উন্নয়ন করে আমি আমার ঈমানী দায়িত্ব পালন করেছি। নির্বাচনের আর বেশি দিন বাকি নেই আপনারা ঘরে বসে না থেকে থেকে মানুষের দ্বারে দ্বারে গিয়ে আমার ঈগল প্রতীকের জন্য ভোট চান। আমি বেঁচে থাকতে আপনাদের চরের এক ইঞ্চি মাটি কাউকে অবৈধভাবে দখল করতে দেব না।

20240102_143207

নৌকার প্রার্থী কাজী জাফর উল্যাহকে উদ্দেশ্য করে এ সংসদ সদস্য বলেন নির্বাচন আসলে চাচাকে মাঠে দেখা যায়। আপনারা কাজী জাফর উল্যাহকে চরে কখনো দেখেছেন। দেখেন নাই, কারণ চাচা চরে আসেন না তার চরের মানুষের ভোট দরকার নাই। আমার আপনাদের ভোট দরকার আছে। আমি যতদিন বেঁচে আছি আপনাদের সুখ-দুঃখের সঙ্গে পাশে থাকতে চাই। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কাউছার, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন, সাবেক ভাইস চেয়ারম্যান মো. কাউছার ব্যাপারী, হরিরাপুর ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর কবীর, থানা যুবলীগের সভাপতি মাহফুজুর রহমান মুরাদ, মো. রাছেল জামান, মো. ফরিদ হোসেন ও মো. মিজানুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

একই দিন রাতে উপজেলার মুন্সির চর, ব্যাপারীর দোকান, চর অযোধ্যা, চর সরবান্দিয়া ও হাজীগঞ্জ বাজারে গণসংযোগ ও পথসভা করেন এমপি নিক্সন চৌধুরী।