১২ জানুয়ারি প্রিমিয়ার লিগে কিংসের খেলা মোহামেডানের বিপক্ষে। ২৬ জানুয়ারি ফেডারেশন কাপের ম্যাচ। জাতীয় সংসদ নির্বাচন, তাই ফেডারেশন কাপ এবং প্রিমিয়ার ফুটবল লিগ এখন বন্ধ রয়েছে। বসুন্ধরা কিংসের অনুশীলনও বন্ধ। সবাই ছুটিতে গেছেন।
জানা গেছে, ছুটি কাটাতে ব্রাজিলিয়ান ফুটবলার রবসন থাইল্যান্ড গেছেন। পরিবার নিয়েই গেছেন সেখানে। সঙ্গে গেছেন আরেক ফুটবলার এমফন। মোহন বাগান সুপার জায়ান্ট আইএসএলে খেলবে। তারা রবসনকে নিতে চেয়েছিল। কিন্তু কিংসে খেলছে বলে সেটি হচ্ছে না। মোহন বাগান ছয় মাসের জন্য চায়। এত লম্বা সময়ের জন্য কিংসের অধিনায়ককে ছাড়বে না বলে জানা গেছে।
তা ছাড়া রবসন এখন দলের খুব গুরুত্বপূর্ণ ফরোয়ার্ড। চুক্তি আছে ২০২৪ সাল পর্যন্ত। মোহন বাগান বলছে, তারা রবসনকে চায়নি। বসুন্ধরা কিংস জানিয়েছে, তারা আনুষ্ঠানিক প্রস্তাব পায়নি। মোহন বাগান প্রতিনিধি জানিয়েছেন, ভারতের আইএসএল শুরু করার তারিখ এখনো দেয়নি। আইএসএলে ১১টি দল খেলবে। এখন কলকাতায় সুপার কাপ চলছে।