মানসিক স্বাস্থ্যের চিকিৎসায় ফের রিহ্যাবে আদম তমিজী হক

মানসিক স্বাস্থ্যের চিকিৎসার জন্য আবারও রিহ্যাব সেন্টারে পাঠানো হয়েছে আলোচিত ব্যবসায়ী আদম তমিজী হককে। আজ বুধবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া স্ট্যাটাস নিয়ে মামলার পর গত ৯ ডিসেম্বর তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ বিষয়ে হারুন অর রশীদ বলেন, তাকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করা হয়েছিল। তবে এরপরই তার আচারণ ও কথাবার্তায় সুস্থতার বিষয় নিয়ে প্রশ্ন দেখা দেয়।

ডিবিপ্রধান বলেন, তিনি মাদকাসক্ত হওয়ায় তাকে মাদক নিরাময় কেন্দ্র বা রিহ্যাবে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। আদালতে জানানো হয়, তার এলোমেলো কথাবার্তায় ডিবির মনে হয়েছে তার আরও চিকিৎসার প্রয়োজন। পরবর্তীতে আদালতের নির্দেশে জাতীয় মানসিক হাসপাতালে তাকে চিকিৎসার জন্য পাঠানো হয়।

তিনি আরও বলেন, তার চিকিৎসায় মানসিক হাসপাতালে ৯ জন বিশেষজ্ঞ চিকিৎসককে নিয়ে একটি বোর্ড করা হয়েছে। এ বোর্ডের সামনে তাকে হাজির করা হয়। বোর্ডের সদস্যরা তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে একটা মতামত দিয়েছেন। 

বোর্ড সদস্যদের মতামতের বিষয়ে ডিবিপ্রধান বলেন, তিনি (তমিজী) এখনো মানসিকভানে সুস্থ না। তাকে আবারও রিহ্যাবে পাঠাতে হবে। সেখানে তাকে আরও চিকিৎসা দিতে হবে।