বিরলে বাসের ধাক্কায় কিশোরের মৃত্যু

দিনাজপুরের বিরলে দশমাইল সিনিয়াপাড়া নামক স্থানে মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় বাসের ধাক্কায় এক কিশোরের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। নিহতের নাম আব্দুল হাকিম (১৪)। সে উপজেলার দশমাইল সিনিয়াপাড়া এলাকার দিনমজুর মো. আব্দুল হানিফের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় পিংকি পরিবহণ নামের যাত্রীবাহী বাসকে রাহবার পরিবহণ নামের অপর বাস ওভারটেক করছিলো। তখন বাইসাইকেল আরোহী কিশোর আব্দুল হামিককে ধাক্কা দেয় বাসটি। স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ সময় বিক্ষুদ্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করলে দিনাজপুর-বিরল সড়কের সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে অবরোধ তুলে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুন: উখিয়ার লন্ডাখালী বনভূমিতে ক্যাম্প নির্মাণ নিয়ে চাপা উত্তেজনা

থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম গোলাম রসুল সড়ক দুর্ঘটনায় কিশোর আব্দুল হাকিমের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে ময়না তদন্ত ছাড়াই নিহতের লাশ গ্রহণের আবেদন করা হয়েছে। আইনানুগ কার্যক্রম শেষে লাশ হস্তান্তর করা হয়েছে।

ইত্তেফাক/নূহু