নেত্রকোনা-৫

স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা ও কার্যালয় ভাঙচুর, মোটরসাইকেলে অগ্নিসংযোগ

নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের নির্বাচনী কার্যালয়ে হামলা, ভাঙচুর, কর্মী সমর্থকদের মারধর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থীর কর্মী সমর্থকদের বিরুদ্ধে। 

মঙ্গলবার (২ জানুয়ারি) রাতে উপজেলার বাদে পুটিকা ও ইচুলিয়া বাজারে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার রাতেই ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মাজহারুল ইসলাম সোহেল ফকিরের সমর্থক উপজেলা সদরের কালাম মিয়ার ছেলে রাসেল মিয়াা বাদী হয়ে পূর্বধলা থানায় একটি মামলা দায়ের করেন।

এ মামলায় কেন্দ্রীয় নেতা আহমদ হোসেনের ভাতিজা ধলা গ্রামের আমজাদ হোসেনের ছেলে শাহাদাত হোসেনকে (২৮) প্রধান আসামি করে ২১ জনের নামসহ ও অজ্ঞাতনামা আরও ২৫-৩০ জনকে আসামি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পূর্বধলা থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম।  

Purbadhala1

জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বাদে পুটিকা ও ইচুলিয়া বাজারে স্বতন্ত্র প্রার্থী মাজহারুল ইসলাম সোহেল ফকিরের অস্থায়ী কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর তার সমর্থকদের ব্যবহৃত বেশ কয়েকটি মোটরসাইকেল আগুন ধরিয়ে দেয় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নৌকার প্রার্থী আহমদ হোসেনের সমর্থকরা। এ সময় তারা মাজহারুল ইসলাম সোহেল ফকিরের ১০/১৫ জন কর্মী-সমর্থকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। এদের মধ্যে গুরুতর আহত ভিতরগাঁও গ্রামের বোরহান উদ্দিন (৪৫), একই গ্রামের মোস্তফা (৩০) ও বাদেপুটিকা গ্রামের মঈন উদ্দিনকে (২৫) প্রথমে পূর্বধলা হাসপাতালে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দায়ীদের দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে স্বতন্ত্র প্রার্থী মাজহারুল ইসলাম সোহেল ফকির বুধবার (৩ জানুয়ারি) বিকালে তার নিজ বাড়ি উপজেলার জুগলী গ্রামে জেলা ও উপজেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন করেন।

পূর্বাধলা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং কর্মকর্তা মো. খবিরুল আহসান জানান, নির্বাচনী কার্যালয় ভাঙচুরের খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

পূর্বধলা থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, স্বতন্ত্র প্রার্থীর সমর্থক বাদী হয়ে নৌকার সমর্থকদের আসামি করে মঙ্গলবার রাতেই থানায় মামলা দায়ের করেছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।