আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া এতিমদের টাকা চুরি করে খেয়েছেন। শুধু এতিমের টাকা নয়, এতিমখানাও খেয়ে ফেলতে চান। তাকে ছেড়ে দেওয়া আমাদের কাজ নয়।’
মঙ্গলবার ময়মনসিংহের নান্দাইল উপজেলায় তিন কোটি ২৪ লাখ টাকা ব্যায়ে সাব রেজিস্ট্রি অফিসের নবনির্মিত তিনতলা ভবন উদ্বোধনকালে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, ‘বাংলাদেশের বিচার ব্যবস্থা স্বাধীন। অথচ, বিএনপির নেতারা রাতে টিভির টকশোতে বলেন, দেশে আইনের শাসন নেই। ১৯৭৫ এর ১৫ আগস্ট জাতির জনক ঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে এবং এর বিচার না হওয়ার জন্য যারা আইন করে, জেলখানায় যারা জাতীয় চার নেতাকে হত্যা করে তারা আইনের শাসন কাকে বলে?’
মন্ত্রী আরও বলেন, ‘সারাদেশের মধ্যে নান্দাইলে প্রথম সাব রেজিস্ট্রি অফিসের ভবন উদ্বোধন আজ করা হলো। পর্যায়ক্রমে সারাদেশে এ ধরনের সাব রেজিস্ট্রি ভবন নির্মিত হবে। অগ্রাধিকার ভিত্তিতে ভালুকা উপজেলায় সাব রেজিস্ট্রি অফিসের ভবন হবে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক প্রতিমন্ত্রী এ এম খালিদ বাবু এমপি, আইন, বিচার ও সংসদ বিষয়ক সচিব আবু সালেহ শেখ মোঃ জহিরুল হক, স্থানীয় এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, পৌর সভার মেয়র রফিক উদ্দিন ভূঁইয়া প্রমূখ।
আরও পড়ুন: বিভ্রান্তি দূর করতে কবর থেকে তোলা হলো মৃতদেহ
আনিসুল হক তার বক্তব্যে আরও বলেন, ‘বিএনপি জাতীয় পার্টি যখন দেশ চালাত, তখন দেশ দুর্নীতিতে প্রথম হতো। এখন বাংলাদেশ উন্নয়ন, খেলাধুলাসহ প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে, নিদের্শনায় ও ভালোবাসায় আমরা বাংলাদেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে রূপান্তর করতে চাই। আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকবেন।’
ইত্তেফাক/নূহু