ইরানে হামলার পেছনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র জড়িত নয়: মার্কিন পররাষ্ট্র দপ্তর

ইরানের বিপ্লবী গার্ড কমান্ডার কাসেম সোলাইমানির মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষ্যে বুধবার তার সমাধির পাশে আয়োজিত এক স্মরণ সভায় ভয়াবহ জোড়া বিস্ফোরণে ৯৫ জন নিহত হয়েছে। একই দিনে লেবাননের বৈরুতে ড্রোন হামলায় নিহত হয়েছেন হামাসের উপপ্রধান।

ইরানে বিস্ফোরণের পেছনে ইসরায়েল বা যুক্তরাষ্ট্র জড়িত নেই বলে বুধবার স্পষ্ট জানিয়েছে ওয়াশিংটন। চার বছর আগে ট্রাম্প প্রশাসনের নির্দেশে ইরাকে এক ড্রোন হামলায় নিহত হয়েছিলেন সোলায়মানি। খবর এএফপি’র।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার সাংবাদিকদের বলেন, ‘এ হামলার পেছনে যুক্তরাষ্ট্র কোনোভাবেই জড়িত নয় এবং এক্ষেত্রে ওয়াশিংটনের কোনো পরমর্শ দেওয়ার বিষয়টিও একেবারে হাস্যকর।’

তিনি আরও বলেন, ‘আমাদের বিশ্বাস করার কোন কারণ নেই যে, এ হামলার পেছনে ইসরায়েল জড়িত রয়েছে।’