ওয়াশিংটন নিজেও সমস্যা বুঝতে পারছেন না

আবাহনী টানা তিন ম্যাচে জয় পায়নি। স্বাধীনতা কাপ ফুটবলের সেমিফাইনালে কিংসের কাছে ৪-০ গোলে হেরে বিদায়। প্রিমিয়ার লিগে প্রথম খেলায় রহমতগঞ্জের বিপক্ষে ড্র, এবং ফর্টিসের কাছে হার। টানা তিন ম্যাচ আবাহনীর কপালে শনির রাহু লেগেছে। ম্যানেজার নজরুল ইসলাম বলছিলেন এমন ঘটনা আগেও হয়েছে।’

কথা উঠেছে আক্রমণভাগ গোল পাচ্ছে না। আবাহনীর আর্জেন্টাইন কোচ আন্দ্রেস ক্রুসিয়ানিও বললেন, ফরোয়ার্ডদের গোল না পাওয়ার কথা। আবাহনীর সাবেক ফুটবলার আলমগীর খুব আফসোস করছিলেন। দলের ব্রাজিলিয়ান ফুটবলার ওয়াশিংটন কিংসের বিপক্ষে দুর্দান্ত খেলেও গোল পাননি। নজরুল বললেন, ‘গোলকিপারও ভালো সেভ দিয়েছিল সেদিন।’ আলমগীর বলেন, ‘আমি খেলা দেখে অবাক। ওয়াশিংটন যেভাবে রাশ করে কিংসের রক্ষণ ভাঙলেন তাতে গোল পাওয়াটা যেন সময়ের ব্যাপার ছিল। কেন হলো না, বুঝলাম না।’

ওয়াশিংটন আবাহনীর আক্রমণের ভালো অস্ত্র। তার রানিং, স্পিড ভালো। প্রতিপক্ষের রক্ষণ ভেঙে গোলমুখে ঢুকে যাওয়ার ক্ষিপ্রতা নজরে পড়বে সহজে। সেই ওয়াশিংটন ব্যর্থ হচ্ছেন। কিন্তু কেন? আবাহনীর অনুশীলনের এক ফাঁকে কথা হয় ওয়াশিংটনের সঙ্গে। ওয়াশিংটনকে জিগ্যেস করা হয়েছিল। তিনি প্রথমে হাসলেন। বললেন, ‘কী বলব। আমরা এতগুলো শট নিয়েছি, তারপরও গোল হয়নি। আমি নিজেও বুঝতে পারছি না কেন, এমনটা হচ্ছে। প্রতিপক্ষ খুব যে বেশি ভালো খেলে ফেলেছে তা কিন্তু না। আমরা চেষ্টা করছিলাম গোল হচ্ছে না। হবে হবে চিন্তা করো না।’

প্রসঙ্গ বদলে অন্যদিকে গেল। ওয়াশিংটন কেন ফুটবলারের নাম। ওয়াশিংটন বললেন, ‘আমার নামে আমেরিকায় শহর আছে। খুব সুন্দর নাম এটি। আমার মা এই নাম রেখেছেন। আমার বাবা-মা যুক্তরাষ্ট্রে থাকেন না। তার পরও ওয়াশিংটন নাম রাখা হয়েছে। আমরা তিন ভাই, সবার নামের আগে ডব্লিউ রয়েছে। সেই ধারাবাহিকতায় আমার নামের আগেও ডব্লিউ রয়েছে। ডব্লিউ ফর ওয়াশিংটন।’ আপনার পরিবারে আর কেউ ফুটবল খেলছে? ‘না না। পরিবারে আমি একমাত্র ছেলে, ফুটবল খেলি।’ ভিয়েতনামে ফুটবল খেলেছেন ৩২ বছর বয়সী ওয়াশিংটন। বললেন, ‘বাংলাদেশ থেকে ডাকা হয়েছে তাই এবারই প্রথম এলাম। ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় আমাদের বাসা। আমার বাবা একজন সিকিরিউটি গার্ড, মা প্রমোশনাল কাজ করেন। আমার সঙ্গে নেইমারের দেখা হয়েছিল, এক বার।’