নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সালমা ইসলাম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ (দোহার ও নবাবগঞ্জ উপজেলা) আসনের নির্বাচনী এলাকায় বর্তমান ও সাবেক সংসদ সদস্যের প্রচার-প্রচারণায় ভোটের মাঠ সরগরম।

তাদের একজন নৌকার এবং অপরজন লাঙ্গলের প্রার্থী। নৌকা প্রতীকের প্রার্থী হলেন শিল্পগ্রুপ বেক্সিমকোর কর্ণধার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা, বর্তমান সংসদ সদস্য সালমান এফ রহমান।

এদিকে লাঙ্গল প্রতীকের প্রার্থী হলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, সাবেক প্রতিমন্ত্রী, সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও যমুনা গ্রুপের চেয়ারম্যান সালমা ইসলাম। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ব্যস্ত সময় পার করছেন সালমা ইসলাম। ঢাকা-১ আসনের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে তিনি প্রচারণা চালাচ্ছেন।

জাতীয় পার্টির আয়োজনে বুধবার (৩ জানুয়ারি) বিকেলে ঢাকার নবাবগঞ্জের কৈলাইল টেকনিক্যাল উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনী সভায় ঢাকা-১ আসনের জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট সালমা ইসলাম বলেন, নির্বাচনকে সামনে রেখে কোনো অপশক্তি, সন্ত্রাসী গোষ্ঠী-ব্যক্তি যেন অপতৎপরতা চালিয়ে ভোটদানে বাধা সৃষ্টি করতে না পারে- এজন্য আমাদের সচেতন হতে হবে। তাই আমি আপনাদের বলব, নির্বাচনকে অংশগ্রহণমূলক ও অবাধ সুষ্ঠু করতে হলে প্রশাসনসহ সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।

এ সময় স্থানীয় ভোটাররা সালমা ইসলামের এ বক্তব্যের পক্ষে সমর্থন জানান। একই দিন তিনি বক্সনগর, যন্ত্রাইল গোবিন্দপুর, আগলা ইউনিয়ন পরিষদে সভা ও বান্দুরার ধাপারি বাজার এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন ও তার নির্বাচনী লিফলেট বিতরণ করেছেন। 

প্রচারণায় সাবেক প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সালমা ইসলাম বিভিন্ন বয়সী নারী-পুরুষসহ তরুণ-তরুণীদের কাছে লাঙ্গল প্রতীকে ভোট চান।